গোপনে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ইসরায়েলের কার্গো জাহাজ ধ্বংস হয়েছে, এমন দাবিতে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে জাগরণ নিউজ। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে দাবানলের আগুন থেকে বাঁচতে একটি পরিবারের সমুদ্রে আশ্রয় নেওয়ার দৃশ্য এটি।
সংবাদমাধ্যম জাগরণ নিউজের ফেসবুক পেজ থেকে ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “হরমুজ প্রণালি দিয়ে গোপনে যাওয়ার সময় সমুদ্র মাইনে ধাক্কা, সম্পূর্ণ ধ্বংস ইসরায়েলি কার্গো জাহাজ।” ভিডিওতে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে সমুদ্রের পানিতে ভেসে থাকতে দেখা যায়। একই সময়ে ভিডিওর পেছনের অংশে আগুনের শিখা ও ধোঁয়া উড়তে দেখা যায়। পোস্টের মন্তব্যে অনেক ব্যবহারকারীকে “আলহামদুলিল্লাহ” লিখতে দেখা গেছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত ভিডিওটি ১৬ লাখের বেশি বার দেখা হয়েছে এবং দুই হাজার ৩০০ বার শেয়ার করা হয়েছে।
জাগরণ নামের আরেকটি পেজে একই শিরোনামে একই ভিডিও পোস্ট হতে দেখা গেছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই ভিডিওটি সাড়ে সাত লাখের বেশি বার দেখা হয়েছে এবং প্রায় সাড়ে তিনশ বার শেয়ার করা হয়েছে। এই পেজে থাকা ইমেইল এড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার ও ওয়েবসাইট লিংক এবং জাগরণ নিউজের ফেসবুক পেজে থাকা তথ্যগুলো মিলে যায়।

অনুসন্ধানে ডিসমিসল্যাব ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘ক্রিস্টোফার ওয়েব’ (Christopher Webb) নামের এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায়। ২০২৩ সালের ১৬ আগস্ট প্রকাশিত ২৮ সেকেন্ডের ভিডিওটির প্রথম ১৪ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া যায়। দুটি ভিডিওতেই একই ব্যক্তিদের অভিন্ন পোশাকে একইভাবে সমুদ্রের পানিতে ভেসে থাকতে দেখা যায়।
পোস্টের বিবরণ থেকে জানা যায়, ভিডিওর দৃশ্যটি হাওয়াইয়ের মাউই দ্বীপে দাবানলের সময় ধারন করা। সেখানে বলা হয়, লাহাইনা শহরের বাসিন্দা জুবি বেদোইয়া ছড়িয়ে পড়া দাবানল থেকে বাঁচতে সমুদ্রের দিকে যান। প্রাণ বাঁচাতে ক্যালিফোর্নিয়ার একটি পরিবারের সঙ্গে সমুদ্রের পানিতে নেমে পড়েন এবং দুই থেকে তিন ঘণ্টা সাগরের পানিতে ভেসে ছিলেন।
অধিকতর অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেসের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৫ আগস্ট প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে যুক্ত ভিডিওটির ১ মিনিট ৫১ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল দেখা যায়।

প্রতিবেদনে জানানো হয়, দাবানলের আগুন থেকে বাঁচতে ক্যালিফোর্নিয়ার একটি পরিবার দীর্ঘ সময় সাগরের পানিতে ভেসে থেকে নিজেদের প্রাণ রক্ষা করে।
সুতরাং, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানল থেকে বাঁচতে সমুদ্রে আশ্রয় নেওয়ার পুরোনো ভিডিওকে ইসরায়েলি জাহাজ ধ্বংসের দৃশ্য বলে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

