তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
তুরাগ নদীতে “হত্যাকাণ্ডের” প্রতিবাদের মিছিলের দৃশ্য এআই দিয়ে বানানো

তুরাগ নদীতে “হত্যাকাণ্ডের” প্রতিবাদের মিছিলের দৃশ্য এআই দিয়ে বানানো

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। দাবি করা হচ্ছে, এটি তুরাগ নদীতে “হত্যাকাণ্ডের” প্রতিবাদে সাধারণ জনতার ঢল। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। 

ভুওয়া জুলাই নামে একটি ফেসবুক প্রোফাইল থেকে ২৯ জুন রাত ১০টা ৮ মিনিটে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “তুরাগ গুত্য কাণ্ড” (বানান অপরিবর্তিত)। ছড়িয়ে পড়া ৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক মানুষ লম্বা লাঠি হাতে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। কালিমার সাদা পতাকা ও সৌদি আরবের পতাকাও দেখা যায় মিছিলে।

তুরাগ নদীতে “হত্যাকাণ্ডের” প্রতিবাদের মিছিলের দৃশ্য এআই দিয়ে বানানো
তুরাগ নদীতে “হত্যাকাণ্ডের” প্রতিবাদে মিছিল দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

মিছিলে স্লোগান শোনা যায়— “জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”। ভিডিও-এর উপরে লেখা, “২৯ জুন তুরাগ হুত্য কাণ্ডরে প্রতিবাদ জানাতে সাধারণ ঢল। জয় বাংলা জয় বঙ্গবন্ধু” (বানান অপরিবর্তিত)। মন্তব্যে একজন লিখেছেন, “সারাদেশে সকল জনগনই একই কথা বলছে ।” এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ১৩ হাজার বারের বেশি দেখা হয়েছে, পোস্টটি শেয়ার হয়েছে দেড়শত বার।

পর্যবেক্ষণে ভিডিওতে নানা অসঙ্গতি নজরে আসে ডিসমিসল্যাবের। ভিডিওর বাম পাশের রাস্তায় চলমান গাড়িগুলো হঠাৎ করেই উল্টো হয়ে যাচ্ছে এবং অদ্ভুতভাবে বিকৃত হয়ে মিলিয়ে যাচ্ছে। ট্র্যাফিক বা গাড়ির গতিবিধি স্বাভাবিক নয়। মিছিলে থাকা মানুষের মুখাবয়ব ও হাতগুলোর দিকে তাকালে দেখা যায়, সেগুলো ঝাপসা, অস্পষ্ট ও বিকৃত। এসবই বর্তমান এআই জেনারেটিভ মডেলগুলোর একটি সাধারণ বৈশিষ্ট্য।

তুরাগ নদীতে “হত্যাকাণ্ডের” প্রতিবাদের মিছিলের দৃশ্য এআই দিয়ে বানানো
এআই কন্টেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে ভিডিওটি যাচাইয়ের ফলাফলের স্ক্রিনশট।

ভিডিওতে উপরে ও নিচের দিকে খেয়াল করলে “মেটা এআই” লেখা একটি ওয়াটারমার্ক বা লোগো দেখা যায়, যা ইঙ্গিত করে এটি মেটা-র কোনো এআই টুল দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া, এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করেও দেখা গেছে, এই ভিডিও এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ (৯৯.৯%)।

অর্থাৎ, তুরাগ নদীতে “হত্যাকাণ্ডের” প্রতিবাদে সাধারণ জনতার ঢল দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে বানানো। 

আরো কিছু লেখা