মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
ফ্যাক্টচেক পুলিশের ছাত্রলীগ পেটানোর পুরোনো দৃশ্য তোফায়েল আহমেদের জানাজার বলে প্রচার

ছাত্রলীগ পেটানোর পুরোনো ভিডিওকে তোফায়েল আহমেদের জানাজার দৃশ্য বলে প্রচার

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ভোলায় রণক্ষেত্র চলছে দাবিতে সম্প্রতি ফেসবুক একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দৃশ্যটি তোফায়েল আহমেদের জানাজা ঘিরে কোনো ঘটনার নয়। গত বছরের নভেম্বরে ছাত্রলীগ- যুবলীগের মিছিলে পুলিশ ধাওয়া দিয়েছিল। সে দৃশ্যই সাম্প্রতিক দাবিতে ছড়ানো হচ্ছে।

ফেসবুকে শিপন ইসলাম নামের একটি অ্যাকাউন্ট থেকে ৩১ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের জানাজা ঘিরে রণক্ষেত্র ভোলা শহর!! এই মুহূর্তে হাজার হাজার আওয়ামীলীগের নেতাকর্মী জানাজার আগেই উপস্থিত হয়েছে…একটি জানাযার ঠেকানোর জন্য এত আয়োজন কেন!!!  এই জানাযায় এত ভয় কিসের?”

ফ্যাক্টচেক পুলিশের ছাত্রলীগ পেটানোর পুরোনো দৃশ্য তোফায়েল আহমেদের জানাজার বলে প্রচার
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষকে পুলিশ লাঠি হাতে ধাওয়া করছে ও মানুষগুলো ছত্রভঙ্গ হয়ে দৌড়াচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি শেয়ার করা হয়েছে ৩০ বারের বেশি। প্রতিক্রিয়া জানানো হয়েছে ২০০-এর অধিক।

আরও একাধিক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি একই দাবিতে পোস্ট করতে দেখা যায় (, , )।

সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি কিফ্রেম সার্চ করে ‘নাটশেল টু ডে’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুবহু একই ভিডিও পোস্ট খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ১১ নভেম্বরে করা এই পোস্টে ভিডিওর সূত্র হিসেবে সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’- এর নাম উল্লেখ করা হয়।

ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ২০২৫ সালের ১১ নভেম্বর পোস্ট হওয়া একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে লেখা, “ছাত্রলীগ–যুবলীগের ঝটিকা মিছিলে পুলিশের ধা’ওয়া।” অন্যদিকে, প্রবীণ রাজনীতিবিদ ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ মৃত্যুবরণ করেন ২০২৬ সালের ১ জুন। সেদিন মাগরিবের নামাজের পর ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরের দিন ২ জুন দুপুর আড়াইটার দিকে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

ফ্যাক্টচেক পুলিশের ছাত্রলীগ পেটানোর পুরোনো দৃশ্য তোফায়েল আহমেদের জানাজার বলে প্রচার
নাটশেল টু ডে (বামে) এবং ঢাকা ট্রিবিউনের (ডানে) পোস্টের স্ক্রিনশট।

দ্বিতীয় জানাজা হওয়ার আগে পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদলের বাদানুবাদ হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিডিনিউজটোয়েন্টিফোর। তবে যে ভিডিওটি তোফায়েল আহমেদের জানাজা ঘিরে ঘটনার বলে ফেসবুকে প্রচার করা হচ্ছে, সেটি অন্তত ছয় মাস আগের বলে নিশ্চিত হওয়া যায়।

অর্থাৎ, তোফায়েল আহমদের জানাজা ঘিরে ভোলায় রণক্ষেত্র চলছে দাবিতে ছড়ানো ভিডিওটি মূলত ২০২৫ সালের নভেম্বরে ছাত্রলীগ-যুবলীগের মিছিলে পুলিশের ধাওয়া দেওয়ার একটি দৃশ্য।

আরো কিছু লেখা