প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর করমর্দনের একটি ছবি প্রচার হতে দেখা যাচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, এটি কোনো বাস্তব ছবি না। গুগলের এআই ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
ফেসবুকে একজন ব্যবহারকারী ছবিটি পোস্ট করে লিখেছেন, “ভন্ড তারেক দিনরাত ইসলামী চেতনার রাজনীতি করে, অথচ জাতিসংঘে গিয়ে সুযোগ পেয়েই নেতানিয়াহুর সঙ্গে হাত মিলিয়ে জুলাইয়ের চেতনার সঙ্গে গাদ্দারি করার তেব্র নিন্দা জানাই। পাসপোর্টে ইসরাইল না থাকলেই কী হবে, অন্তরে থাকলে সেটাই আসল!”। ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করমর্দন করছেন।

একই ছবি “Faceless Democracy – মুখহীন গণতন্ত্র” নামের একটি পেজ থেকে পোস্ট করে লেখা হয়, “হজরত খাম্বাপুরি গোপনে চাটাচাটি ঠিকি চালিয়ে যাচ্ছে😂”।
ছবিটির সূত্র যাচাই করতে গেলে ডিসমিসল্যাবের সামনে আসে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের করমর্দনের একটি ছবি। ছবিটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একই পোশাকে দেখতে পাওয়া যায়। গত ২৪ সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের সময়ের দৃশ্য। তবে নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো ছবি নির্ভরযোগ্য সূত্রে না পাওয়ায় ছবিটি এআই কিনা যাচাই করে দেখে ডিসমিসল্যাব।

এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে পরীক্ষা করলে ছবিটির এআই হওয়ার সম্ভাবনা দেখায় ৯৯.৪ শতাংশ। আরও নিশ্চিত হতে ছবিটি গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থ আইডিতে পরীক্ষা করে দেখা হয়। সিন্থ আইডি জানায়, এই ছবিটির কিছু অংশ গুগলের এআই মডেল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। সিন্থআইডি থেকে পাওয়া হিটম্যাপ থেকে দেখা যায়, ছবিটির বেশকিছু অংশে গুগলের ওয়াটারমার্ক শনাক্ত করা গেছে।

অর্থাৎ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেতানিয়াহুর করমর্দনের দৃশ্যটি গুগলের এআই দিয়ে তৈরি।

