স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি পুরোনো। ২০২৫ সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারসহ কয়েক দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির দৃশ্য এটি।
ফেসবুকে ‘Mukto Diary”মুক্ত ডায়েরি”’ নামের একটি পেজ থেকে গত ৩ অক্টোবর ৩১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা, “ঢা বি: শিক্ষার্থীরা ডাকসুর VP সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র মুন্ত্রির পদত্যাগের দাবিতে সচিবালয় পথে” (বানান অপরিবর্তিত)। ভিডিওতে দেখা যায়, পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিকেড ভেঙে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিছু মানুষ। ধারাবিবরণীর ভঙ্গিতে একজনকে বলতে শোনা যায়, “দর্শক দেখতে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি এরই মধ্যে শুরু হয়েছে। ঢাবি শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ঢুকে পড়েছে সচিবালয় এলাকা জুড়ে।”
ভিডিওতে এটাও বলতে শোনা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচির দৃশ্য এটি। প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি প্রায় সাড়ে আট লাখবার দেখা হয়েছে এবং প্রায় সাড়ে সাত হাজারবার শেয়ার করা হয়েছে।
অনুসন্ধানে ভিডিওটি থেকে কিফ্রেম নিয়ে সার্চ করলে ‘এনপিবি নিউজ’-এর ফেসবুক পেজে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। “ফের পুলিশের ব্যারিকেড ভে’ঙে সচিবালয়ে অভিমুখে ঢাবি শিক্ষার্থীরা” শিরোনামে প্রকাশিত ১ মিনিট ৩৪ সেকেন্ডের ওই ভিডিওর শুরুর অংশ থেকে ৩১ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও হুবহু মিলে যায়। এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওতে ধারাবিবরণীর ভঙ্গিতে বলা বক্তব্যও প্রতিবেদনটির অডিওর সঙ্গে মিলে যায়।
এই ঘটনায় একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন (১, ২, ৩) প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারসহ কয়েকটি দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কার্যালয় ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়। ডাকসু কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি দোয়েল চত্বর, হাইকোর্ট মাজার ও শিক্ষা ভবনসংলগ্ন সচিবালয় এলাকায় পুলিশের বাধার মুখে পড়লে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান।

অর্থাৎ, ২০২৫ সালের ডিসেম্বরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচির পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবির ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।

