সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের বাবার জানাজায় মানুষের ঢল নামে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওর দৃশ্যগুলো ভারতের মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের।
শ্রীপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে গত ৫ অক্টোবর আগস্ট ১১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর বর্ণনায় লেখা, “বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনের পিতার জানাজায় মানুষের ঢল, হাজার হাজার মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন তিনি। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।”
এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৭৪ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং প্রায় তিনশ বার শেয়ার হয়েছে। মন্তব্যে একজন লিখেছেন, “কে বলে আওয়ামী লীগ নাই দেশটা আওয়ামী লীগের।” আরেকজন লিখেছেন, “শেখ হাসিনার সরকার বার বার দরকার। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”

ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ইউটিউবে প্রকাশিত একই ফুটেজ পাওয়া যায়। ভিডিওর উপরে ইংরেজিতে লেখা, “ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি ভোপাল, এমপি”। ভিডিওর প্রথম ও চৌদ্দ সেকেন্ডের দৃশ্য সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে হুবহু মিলে যায়। ভিডিওর বর্ণনা অংশে গেলে দেখা যায়, গত ১৭ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয়েছে। তবে জাকির হোসাইনের ভেরিফায়েড ফেসবুক পেজের তথ্যমতে, তার বাবার জানাজা হয় গত ৫ অক্টোবর, তিনি একই দিন মারা গেছেন।
কিফ্রেম সার্চে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গত ১৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের একাধিক ভবনের কাঠামো পুরোপুরি মিলে যায়। ছবি ও ভিডিওতে একই অর্ধনির্মিত একটি ভবনের পাশে যথাক্রমে লাল, কমলা, সাদা ও নীল রঙের স্থাপনা দেখা যায়।

কিফ্রেম ও কিওয়ার্ড সার্চে সংগঠনটির সভাপতি আসাদউদ্দিন ওয়াইসির ভেরিফায়েড ফেসবুক পেজে একই স্থানে সমাবেশের একাধিক ছবি পাওয়া যায়। ফেসবুক পোস্ট থেকে জানা যায়, এটি মধ্যপ্রদেশে চালু হওয়া ইউসিসি (ইউনিফর্ম সিভিল কোড)-র বিরুদ্ধে ভোপালের সেন্ট্রাল লাইব্রেরি ময়দানে আয়োজিত জনসভার ছবি।
অর্থাৎ, ভিডিওটি এস এম জাকির হোসাইনের বাবার জানাজার নয়। তার মৃত্যুর আগেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছিল। তাছাড়া দৃশ্যটি বাংলাদেশের নয়, ভারতের ভোপালের ভিডিও।

