মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্ট চেক সংসদ সদস্য হান্নান মাসউদের স্ত্রী জেদনীর ছবি সম্পাদনা করে প্রচার

সংসদ সদস্য হান্নান মাসউদের স্ত্রীর ছবি সম্পাদনা করে প্রচার

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ ও তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর একটি ছবি অবমাননাকর ক্যাপশনে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি সম্পাদিত। 

‘জেন-জি আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ১৮ এপ্রিল আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনীর একটি ছবি পোস্ট করা হয়। ক্যাপশনে এই দম্পতিকে লক্ষ্য করে ব্যবহার করা হয় অবমাননাকর ভাষা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে দেড় হাজারের বেশি প্রতিক্রিয়া জানানো হয়েছে। শেয়ার করা হয়েছে অন্তত ৩০ বার। এছাড়াও একাধিক ফেসবুক পেজ ও প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করতে দেখা যায় (, , )।

ফ্যাক্ট চেক সংসদ সদস্য হান্নান মাসউদের স্ত্রী জেদনীর ছবি সম্পাদনা করে প্রচার
সম্পাদিত ছবিসহ প্রচারিত ফেসবুক পোস্ট।

সত্যতা যাচাইয়ে ছবিটি রিভার্স সার্চ করা হলে শ্যামলী সুলতানা জেদনীর ফেসবুক প্রোফাইল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে গত ১২ এপ্রিল পোস্ট হওয়া প্রায় একই দৃশ্যের একটি ছবি সামনে আসে। ছবিতে দেখা যায়, সংসদ সদস্য হান্নান মাসুদ সাদা ও শ্যামলী সুলতানা জেদনী গোলাপী রঙের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে আছেন। পেছনের দিকে বৈদ্যুতিক তার সদৃশ একটি বস্তু ঝুলে আছে।

অন্যদিকে ছড়ানো ছবিটির অধিকাংশ দৃশ্য একইরকম দেখতে হলেও, শ্যামলী সুলতানা জেদনীর পোশাক সম্পাদনার মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। সম্পাদিত ছবির দুই জায়গায় ‘Syful’ লেখাটি দেখা যায়, যা আসল ছবিতে নেই। তবে দুইটি ছবিতেই পেছনে ঝুলে থাকা বৈদ্যুতিক তার, গাছ, হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানার পোশাকের রং ও হাতের অবস্থান হুবহু একই। 

এছাড়া, শ্যামলী সুলতানা জেদনী মূল ছবিটি সামাজিক মাধ্যমে আপলোড করেন গত ১২ এপ্রিল। অন্যদিকে সম্পাদিত ছবিটি সামাজিক মাধ্যমে ছড়াতে দেখা যায় গত ১৮ এপ্রিল থেকে। 

ফ্যাক্ট চেক সংসদ সদস্য হান্নান মাসউদের স্ত্রী জেদনীর  ছবি সম্পাদনা করে প্রচার
শ্যামলী সুলতানা জেদনী মূল ছবিটি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করেন গত ১২ এপ্রিল।

অর্থাৎ, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ ও তার স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ছবি সম্পাদনার করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।

আরো কিছু লেখা