
ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে ঢাকার একটি মশাল মিছিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগানে রাজপথ উত্তাল হয় বলে দাবি করা হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি গত ১৯ জুন ধর্মীয় অবমাননাকর কনটেন্টের প্রতিবাদে শাহবাগে অনুষ্ঠিত ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ’-এর মিছিলের। সেখানে শেখ হাসিনার নামে কোনো স্লোগান দেওয়া হয়নি।
গণমাধ্যম দাবি করা দৈনিক সংবাদচিত্র নামের এক ফেসবুক পেজ থেকে গত ২১ জুলাই ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, মশাল হাতে বিশাল মিছিলে স্লোগান শোনা যাচ্ছে, “শেখ হাসিনা, শেখ হাসিনা”। পোস্টের ক্যাপশনে লেখা, “শেখ হাসিনা স্লোগানে উ ত্তা ল রাজপথ।”

এ প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত পোস্টটিতে প্রায় সাড়ে সাতশ বার শেয়ার হয়েছে, ভিডিওটি দেখা হয়েছে ৪৩ হাজার বারের বেশি। মন্তব্যে একজন লিখেছেন, “আর বুঝি কিছুতেই আটকানো সম্ভব না। দিনকে দিন সকল জনগণ ফুঁসে ফেপে উঠে রাস্তায় নামছে।”অন্যদিকে ভিডিওটি ভারতের বলে মন্তব্য করছেন কেউ কেউ।
ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ডেইলি জার্নাল নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। ডেইলি জার্নালের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর ৩ মিনিট ৫৯ সেকেন্ডে একইভাবে তালি এবং হাত নাড়াতে দেখা যায়। প্রতিবেদনের ব্যক্তি, তাদের পোশাকসহ মশাল মিছিলের দৃশ্য সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়।

২০২৬ সালের ৩০ জুন প্রকাশিত এই ভিডিওতে একাধিক স্লোগান দিতে দেখা যায়, যেমন- “জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো”, “কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কী তোর বাপ-দাদার”, “আমার মাটি আমার মা, এই দেশ ছাড়বো না”, “জঙ্গীবাদের আস্তানা, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও”, “জাগো রে জাগো, সনাতনি জাগো”। তবে ভিডিওতে মিছিলে অংশগ্রহণকারীদের “শেখ হাসিনা” বলে স্লোগান দিতে শোনা যায় না।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন (১, ২, ৩) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর শাহবাগে গত ১৯ জুন ধর্মীয় অবমাননাকর কনটেন্ট প্রচারের প্রতিবাদে ‘ঐক্যবদ্ধ সনাতনী সমাজ, বাংলাদেশ’-এর উদ্যোগে মিছিলটি হয়েছিল।
অর্থাৎ, শেখ হাসিনার নামে স্লোগানে রাজপথ উত্তাল হয় বলে দাবিতে প্রচারিত ভিডিওতে ভিন্ন ঘটনার স্লোগান যুক্ত করা হয়েছে। মূল ঘটনার ভিডিওতে এমন কোনো স্লোগান পাওয়া যায়নি।