
ধানমন্ডিতে মানুষ শেখ হাসিনার নামে স্লোগান তুলেছেন, এমন দাবিতে সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ভারতের নয়াদিল্লিতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনার। মূল ভিডিওতে “শেখ হাসিনা” স্লোগানের অডিও যুক্ত করে প্রচার করা হয়েছে।
“আমরা সবাই মুজিব সৈনিক” নামের এক টিকটক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। এতে “শেখ হাসিনা, শেখ হাসিনা” স্লোগান দিতে শোনা যায়। ভিডিওর ভেতর লেখা, “শেখ হাসিনা শেখ হাসিনা বলে স্লোগান দিচ্ছেন ধানমন্ডিতে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে সবাই ভিডিও শেয়ার করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু”। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, “দর্শক দেখতে পাচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনা বলে স্লোগান তুলছে ধানমন্ডিতে”।

এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত পোস্টটিতে ১ হাজার ২০০ বারের বেশি শেয়ার হয়েছে, ভিডিওটি দেখা হয়েছে দুই লক্ষ বারের বেশি। মন্তব্যে একজন লিখেছেন, “আওয়ামী লীগের আগমন কিছুতেই ঠেকাতে পারবে না”। আরেকজন লিখেছেন, “বিএনপি না জুলাই আন্দোলনে মাঠে ছিল, এবার বলেন, পারলে এদের ঠেকাতে।” অন্যদিকে ভিডিওটি পুরাতন বলে মন্তব্য করছেন কেউ কেউ।
ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভারত-ভিত্তিক গণমাধ্যম টাইমস নাও-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রতিবেদনের ২৪তম সেকেন্ডে একটি ভিডিও ক্লিপ চলতে দেখা যায়। এর ৩১ সেকেন্ডের দৃশ্য ধানমন্ডি দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে মিলে যায়। এ ছাড়াও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি-এর এক ভিডিও প্রতিবেদনের একাধিক ব্যক্তি, তাদের পোশাকসহ দৃশ্য সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের সঙ্গে মিলে যায়।

২০২৬ সালের ২৩ জুলাই প্রকাশিত এসব প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ জুলাই রাতে দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীদের মধ্যে সংঘর্ষ হয়। এ পরিস্থিতিতে পুলিশ লাঠিচার্জ করে এবং জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে। মূল ভিডিওতে দৃশ্যমান আন্দোলনকারীদের “শেখ হাসিনা” বলে স্লোগান দিতে শোনা যায়নি।
অর্থাৎ, শেখ হাসিনার নামে ধানমন্ডিতে স্লোগান দেওয়া হচ্ছে দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের নয়াদিল্লির। ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের ভিডিওতে “শেখ হাসিনা” স্লোগান জুড়ে দেওয়া হয়েছে।