মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Factchecking Sheikh Hasina Dev AI

শেখ হাসিনার সঙ্গে দেবের বাংলাদেশে আসতে চাওয়ার ভিডিওটি এআই সম্পাদিত

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

এক জনসভার বক্তব্যে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের আসার ঘোষণা দিচ্ছেন অভিনেতা দেব, সম্প্রতি ফেসবুকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, এটি ২০২১ সালে ভারতের বর্ধমানে দেবের দেওয়া একটি বক্তব্যের এআই সম্পাদিত সংস্করণ।

গত ১৬ জুলাই একটি ফেসবুক প্রোফাইল থেকে ১৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, “জয় বাংলা জয় বঙ্গবন্ধু🥰🛶🛶✊✊।” ভিডিওর শুরুতে ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতা দীপক অধিকারী ওরফে দেবকে একটি জনসভায় মাইক্রোফোন হাতে বক্তব্য দিতে দেখা যায়। তার পরনে একটি সাদা শার্ট এবং গলায় সাদা উত্তরীয়। স্ক্রিনের ওপরের ডান ও বাম কোণায় দুটি বৃত্তাকার লোগো বা ছবি যুক্ত করা আছে, যার নিচে লেখা “আমিই আওয়ামী লীগ”। 

দেবের এআই সম্পাদিত ভিডিও ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

দেবকে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ডিসেম্বর মাসে আমি বাংলাদেশে যাচ্ছি। বিজেপির পক্ষ থেকে এই যাত্রায় আমরা গণতন্ত্র ও উন্নয়নের বার্তা নিয়ে যাব। এই সফর আমাদের দুই দেশের সম্পর্ক আরও মজবুত করবে ইনশাআল্লাহ।”

এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টটি দুই শতাধিকবার শেয়ার হয়েছে। ১৩ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে।

ভিডিওর কয়েকটি কিফ্রেম রিভার্স সার্চ করা হলে পিক্সি (picxy) নামের একটি ছবি সরবরাহকারী ওয়েবসাইটে একই দৃশ্যের কিছু ছবি পাওয়া যায়। ছবির ক্যাপশন অনুযায়ী, ভারতের রাজনৈতিক দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা খোকন দাসের সমর্থনে বর্ধমানে আয়োজিত এক সভায় দেব ওরফে দীপক অধিকারীর বক্তব্যের সময়ের দৃশ্য এটি।

ইউটিউবে পাওয়া দেবের আসল বক্তব্যের ভিডিওর স্ক্রিনশট।

কিওয়ার্ড সার্চে ওই বক্তব্যের ভিডিও ইউটিউবে খুঁজে পাওয়া যায়, যা ২০২১ সালে আপলোড করা হয়েছিল। ভিডিওর টাইটেলে লেখা, “বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাসের সমর্থনে দেবের জনসভা।” দুটি ভিডিওতেই দেবের পোশাক, গলার উত্তরীয়, হাতের ঘড়ি ও মাইক্রোফোন ধরার ধরন একইরকম। এই ভিডিওতে দেবকে বাংলাদেশ বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে কোনো কথা বলতে শোনা যায়নি। লকডাউনে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও কংগ্রেস তৃণমূলের নানা উদ্যোগ নিয়ে প্রচারণামূলক বক্তব্য দিয়েছেন।

একাধিক এআই টুলে পরীক্ষার ফলের স্ক্রিনশট।

নিশ্চিত হতে ডিপফেক শনাক্তকারী একাধিক টুল হিয়া, হাইভ মডারেশন ও রিজেম্বল এআই দিয়েও পরীক্ষা করা হয়। সবকটি টুলের ফলাফলেই জানানো হয়, ওই ভিডিওর অডিও এআই-নির্মিত। 

অর্থাৎ, ভিডিওতে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে আসার কথা বলে দেবকে যে বক্তব্য দিতে দেখা যাচ্ছে, তা এআই-সম্পাদিত।

আরো কিছু লেখা