মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
factcheck sheikh hasina birthday celebration

সাত বছরের পুরোনো দৃশ্য দেখিয়ে দিল্লিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের ভুয়া দাবি

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

দিল্লিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি সাত বছরের পুরোনো। ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে শেখ হাসিনার জন্মদিন পালনের দৃশ্য এটি।

ফেসবুকে অভিনেতা স্বাধীন খসরুর (Shadhin Khasru) ভেরিফায়েড প্রোফাইল থেকে গত ২৯ সেপ্টেম্বর ২০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা, “দিল্লিতে শেখ হাসিনার জন্মদিন পালিত!” ভিডিওর ভেতরে লেখা, “দিল্লিতে শেখ হাসিনার ৭৯ জন্মদিন উদযাপন। আঃলীগকে দিলেন বিশেষ বার্তা! ডিসেম্বরেই ফিরছেন হাসিনা।”

ভিডিওতে দেখা যায়, শিশু-কিশোরের সঙ্গে কেক কাটছেন শেখ হাসিনা। ভিডিওতে দৃশ্যমান ব্যক্তিদের ‘হ্যাপি বার্থডে টু ইউ’ বলতে শোনা যায়। প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৯৯ হাজারবার দেখা হয়েছে এবং প্রায় দেড়শবার শেয়ার করা হয়েছে।

অনুসন্ধানে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ফেসবুক পেজে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। শিরোনামে লেখা, “জন্মদিনে শিশুদের সাথে…বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। ২৯ সেপ্টেম্বর, ২০১৯ – নিউইয়র্ক, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে।” ভিডিওটির শুরুর অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে দৃশ্যগুলো মিরর করা হয়েছে।

২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর “ছবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর” শিরোনামে সাম্প্রতিক দেশকালের অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ২৯ সেপ্টেম্বর শিশুদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭৩তম জন্মদিন ছিল।

সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ফেসবুক পেজ ও সাম্প্রতিক দেশকালের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, ২০১৯ সালে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা