
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধার পা ধরে সালাম করছেন দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত। গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল সিন্থআইডির মাধ্যমে পরীক্ষায় দেখা যায়, ছবিটির সিংহভাগ অংশে সিন্থআইডির ওয়াটারমার্ক রয়েছে।
ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২০ এপ্রিল একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “অন্তর জুড়নো দৃশ্য দোয়া এমনি করে না মানুষে দোয়া অন্তর থেকে এসে যায় শেখের বেটিই শেরা তার বিকল্প সে নিজেই বীর মুক্তিযোদ্ধার পায়ে হাত দিয়ে সালাম করছেন জননেত্রী শেখ হাসিনা” (বানান অপরিবর্তিত)।
ছবিতে দেখা যায়, শেখ হাসিনা ঝুঁকে এক ব্যক্তির পা ছুঁয়েছেন। তার সামনে একটি চেয়ারে সে ব্যক্তি বসে আছেন এবং সে ব্যক্তি সালাম গ্রহণ করছেন। এই চেয়ারের ওপরে ইংরেজি অক্ষরে লেখা, “বীর মুক্তিযোদ্ধা।” মঞ্চের ব্যানারে লেখা, “বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বীর মুক্তিযেদ্ধাদের সংবর্ধনা” (বানান অপরিবর্তিত)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ৩৯৪ বার শেয়ার করা হয়েছে।

ফেসবুকের একাধিক (১, ২, ৩, ৪, ৫) ব্যক্তিগত প্রোফাইল এবং ইনস্টাগ্রাম থেকে একই দাবিতে ছবিটি শেয়ার করা হয়।
ছবিটি বিশ্লেষণে দেখা যায়, চেয়ারে বসা ব্যক্তিটির বাম পায়ে ৬টি আঙুল রয়েছে। এছাড়া পেছনে থাকা ব্যানারে মুক্তিযোদ্ধা বানানটি “মুক্তিযেদ্ধাদের” লেখা রয়েছে। সত্যতা যাচাইয়ে ছবিটি গুগলের ‘সিন্থ-আইডি’ প্রযুক্তিনির্ভর একটি বিশেষায়িত শনাক্তকরণ টুলেও পরীক্ষা করা হয়। এই টুলটি ছবির ডিজিটাল ওয়াটারমার্ক বিশ্লেষণ করে ভিজ্যুয়াল ফলাফল প্রদর্শন করে থাকে।
পরীক্ষায় ছবিটির সিংহভাগ অংশে কৃত্রিম বুদ্ধিমত্তার উপস্থিতির প্রমাণ মেলে। সেখানে টুলের শনাক্তকরণের আত্মবিশ্বাস মাত্রা বা ‘কনফিডেন্স লেভেল’ ছিল ‘খুবই উচ্চ’ (Very High)। ফলাফলের হিটম্যাপে ছবির মাঝের অংশটুকু ছাড়া বাকি সম্পূর্ণ অংশ নীল রঙের গ্রিড দিয়ে চিহ্নিত করা হয়েছে। সিন্থ-আইডির পরিভাষায় যার মানে, ছবিগুলোর ওই নির্দিষ্ট অংশগুলোতে গুগল এআই-এর চিহ্ন শনাক্ত করা গেছে। এছাড়া এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশন অনুযায়ী, ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ।

অধিকতর যাচাইয়ে সংশ্লিষ্ট কিওয়ার্ড সার্চ দিয়ে দেখা যায়, কোনো গণমাধ্যমই এ ধরনের কোনো সংবাদ বা প্রতিবেদন প্রকাশ করেনি।
অর্থাৎ, শেখ হাসিনা মুক্তিযোদ্ধার পা ধরে সালাম করছেন দাবিতে যে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা নির্মিত।
এর আগেও শেখ হাসিনাকে জড়িয়ে একাধিক ভুল তথ্য নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব।