মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
factcheck islamist threatens hindu puja

পূজা বন্ধের দাবি তোলা মিছিলের ভিডিওটি দুই বছরের পুরোনো

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

বাংলাদেশে প্রকাশ্যে মিছিল বের করে হিন্দুদের পূজা করতে না দেওয়ার হুমকি দিয়েছে ইসলামিক জিহাদিরা, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি দুই বছরের পুরোনো। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের পূজার আয়োজন উত্তরা ১৩ নম্বর সেক্টরের পরিবর্তে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে আয়োজিত মিছিলের দৃশ্য এটি।

ফেসবুকের ‘বাপ্পা সরকার’ (Bappa Sarkar) নামের একটি প্রোফাইল থেকে গত ২৬ সেপ্টেম্বর ২১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “এবার প্রকাশ্যে মিছিল বের করে হিন্দুদের পূজা করতে না দেওয়ার হুমকি দিল বাংলাদেশের ইসলামিক জেহাদীরা।” ভিডিওতে মিছিলে অংশগ্রহণকারীদের “১৩ নম্বরের মাঠে, পূজা হতে দেব না”, “ঈদগাহের মাঠে, পূজা হতে দেব না”, “মানি না, মানব না” স্লোগান দিতে দেখা যায়। প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৬০ হাজার বার দেখা হয়েছে এবং চার শতাধিকবার শেয়ার করা হয়েছে।

ফেসবুকে একাধিক ব্যক্তিগত প্রোফাইল ও পেজ (১, ২, ৩, ৪, ৫, ৬) থেকেও ভিডিওটি পোস্ট হতে দেখা গেছে।

অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ‘উত্তরানিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। “উত্তরা ১৩ নম্বর সেক্টর ঈদের জামাতের মাঠে ‘পূজা আয়োজন’ না করার দাবীতে এলাকাবাসীর মিছিল ও সমাবেশ” শিরোনামে প্রকাশিত এই ভিডিওটিতে ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা একাধিক ব্যক্তিকে দেখা গেছে, দুই ভিডিওর পারিপার্শ্বিক দৃশ্যেও মিল রয়েছে।

ভিডিওর বিবরণে লেখা ছিল, উত্তরা ১৩ নম্বর সেক্টরের পরিবর্তে ১৭ নম্বর সেক্টরে সরকারের বরাদ্দ দেওয়া স্থানে পূজার আয়োজন করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই ঘটনায় একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন (১, ২, ৩) প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ‘ভয়েস অফ আমেরিকা’-র অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকার উত্তরায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনী, পুলিশ, রাজনৈতিক নেতা ও পূজা কমিটির যৌথ বৈঠকের মাধ্যমে বিষয়টি সুরাহা হয় এবং ৭ নম্বর সেক্টরের মুগ্ধ চত্বরে দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত হয়।

‘উত্তরানিউজ টোয়েন্টিফোর ডটকম’-এর ফেসবুক পেজ ও ‘ভয়েস অফ আমেরিকা’-র অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, ২০২৪ সালে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে পূজার আয়োজন অন্যত্র সরিয়ে নেওয়ার দাবিতে এলাকাবাসীর মিছিলের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবি করে ছড়ানো হচ্ছে।

আরো কিছু লেখা