ইংল্যান্ডে শরিয়া আইনের দাবিতে মুসলিমদের বিক্ষোভ মিছিল বলে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি সত্য নয়। ভিডিওটি ২০২৩ সালের ১১ নভেম্বর লন্ডনে ফিলিস্তিনের পক্ষে করা একটি মিছিলের দৃশ্য।
সুধা চ্যাটার্জী নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ১৭ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। দেখা যায়, লন্ডনের টেমস নদীর তীরে একটি বিশাল জনসমাবেশ ও হাজার হাজার মানুষ ভক্সহল ব্রিজ পার হচ্ছেন। পোস্টে লেখা ছিল, “ইংল্যান্ডে শরীয়া আইনের দাবীতে মুসলিমদের বিক্ষোভ মিছিল ‼️এই দাবির পূর্ণ সমর্থন করছি ‼️” (বানান অপরিবর্তিত)।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ৪২ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ১৬০ বারের বেশি শেয়ার হয়েছে। মন্তব্যে একজন লিখেছেন, “চায়না ঠিকই বুঝেছে, ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস!”। আরেকজন মন্তব্য করেছেন, “আগামীর পশ্চিমবঙ্গ।”
কিফ্রেম সার্চে ২০২৩ সালের ১১ নভেম্বর প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদন (১, ২) খুঁজে পায় ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমগুলোর এক্স হ্যান্ডলে প্রকাশিত এসব ভিডিও প্রতিবেদনের সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি হুবহু মিলে যায়। আরব নিউজে প্রকাশিত ভিডিওতে দৃশ্যমান ব্রিজ, আশেপাশের ভবন ও সমাবেশের দৃশ্য পুরোপুরি মিলে যায় ছড়ানো ভিডিওটির সঙ্গে।

এসব ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের মধ্যে গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লন্ডনে একটি বিক্ষোভ মিছিল হয়। ২০২৩ সালের ১১ নভেম্বর লন্ডনের ভক্সহল ব্রিজে এই মিছিল করা হয়, যা ছড়ানো ভিডিওতে দেখা যাচ্ছে।
অর্থাৎ, ভিডিওটি লন্ডনে ফিলিস্তিনের পক্ষে করা একটি মিছিলের দৃশ্য, শরিয়া আইনের দাবিতে মুসলিমদের বিক্ষোভ মিছিলের নয়।

