মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
বাংলাদেশে এক যুবকের তালাক দেওয়া স্ত্রীকে এক মৌলভি হিল্লে বিয়ে করার পর আর ফেরত দিতে চাইছে না বলে একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। একাধিক ভারত-ভিত্তিক অ্যাকাউন্ট থেকে এমন দাবিতে ভিডিওটি ছড়ানো হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দৃশ্যটি একটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওর অংশ। 

নাটকের ভিডিও দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতের বাবা বানারাস

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বাংলাদেশে এক যুবকের তালাক দেওয়া স্ত্রীকে এক মৌলভি হিল্লে বিয়ে করার পর আর ফেরত দিতে চাইছে না বলে একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। একাধিক ভারত-ভিত্তিক অ্যাকাউন্ট থেকে এমন দাবিতে ভিডিওটি ছড়ানো হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দৃশ্যটি একটি স্ক্রিপ্টেড বা সাজানো ভিডিওর অংশ। 

বাবা বানারাস নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ২৯ এপ্রিল ভিডিওটি আপলোড করা হয়। ২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওর ক্যাপশনে লেখা, ‘বাংলাদেশ: মোহাম্মদ তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল। পরে বুঝতে পারে, ভুল করেছে। কিন্তু এখন শরিয়াহ আইন অনুযায়ী, পুনরায় বিয়ে করতে হলে তার স্ত্রীকে হালালা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। হালালা সম্পন্ন করতে এক স্থানীয় মৌলভি তাকে বিয়ে করে, কিন্তু পরে তাকে তালাক দিতে অস্বীকৃতি জানান। স্ত্রীকেও এতে সন্তুষ্ট দেখাচ্ছে। আর মোহাম্মদ কান্না করছে।’ 

ভিডিওতে একটি গ্রামীণ পরিবেশে উন্মুক্ত জনসমাগমের দৃশ্য দেখা যায়, যেখানে বাগবিতণ্ডা চলছে। লাল ও হলুদ পোশাক পরিহিত এক ব্যক্তিকে ক্ষুব্ধ ও উত্তেজিত অবস্থায় উপস্থিত মানুষের সাথে তর্ক করতে দেখা যায়। সেখানে এক বয়স্ক ব্যক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মধ্যস্থতা করার চেষ্টা করছিলেন। তর্কাতর্কির এক পর্যায়ে লাল পোশাক পরিহিত ব্যক্তি এক নারীর হাত ধরে জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ সময় কমলা হিজাব পরা এক নারীসহ উপস্থিত জনতা তাকে শারীরিকভাবে বাধা দেয় এবং ঠেলে সরিয়ে দেয়। এরপর মধ্যস্থতাকারী বয়স্ক ব্যক্তি সবাইকে হাত নেড়ে কিছু বুঝিয়ে বলেন এবং তাঁর নির্দেশনায় চেয়ারে উপবিষ্ট আরেক বয়স্ক ব্যক্তির সাথে ওই নারী একত্রে সেখান থেকে হেঁটে চলে যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেড় লাখের বেশিবার দেখা হয়েছে। রিপোস্ট হয়েছে আট শর অধিক। 

সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি কিফ্রেম রিভার্স সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য কুইন্ট’- এর একটি ফ্যাক্টচেক প্রতিবেদন সামনে আসে। প্রতিবেদনে দেখা যায়, ২০২৩ সালের জুলাই মাসে একই দৃশ্যের ভিডিও সামাজিক মাধ্যমে কাছাকাছি দাবিতে ছড়িয়ে পড়ে। সত্যতা যাচাইয়ে ‘দ্য কুইন্ট’ ভিডিওটির মূল সংস্করণ ‘শারমিন শাকিল’ নামের একটি ইউটিউব চ্যানেলে খুঁজে পায়। যেখানে ভিডিওটি একটি বিনোদনমূলক কনটেন্ট হিসেবে পোস্ট করা হয়েছিল। 

তবে ‘দ্য কুইন্ট’- এর প্রতিবেদনে থাকা মূল ভিডিওর আর্কাইভ লিংকে গিয়ে দেখা যায়, ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে সেটি সরিয়ে ফেলেছে। এমনকি চ্যানেলটির নাম একাধিকবার সার্চ করেও সেটি পাওয়া যায়নি। তবে ‘দ্য কুইন্ট’- এর প্রতিবেদনে থাকা আর্কাইভ লিংকে ভিডিওর থাম্বনেলের কিছু অংশ দৃশ্যমান ছিল।

অধিকতর যাচাইয়ে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড লিখে সার্চ দিলে ‘দ্য ডেইলি ডোজ’ নামের একটি ইউটিউব চ্যানেল ডিসমিসল্যাবের সামনে আসে। চ্যানেলটিতে হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া না গেলেও একই চরিত্রের অভিনীত ভিন্ন কিছু ভিডিও পাওয়া যায়। চ্যানেলটি সৃষ্টি করা হয়েছিল ২০২২ সালের ৪ এপ্রিল। 

পরবর্তী যাচাইয়ে ‘দ্য ডেইলি ডোজ’ চ্যানেলের মেটা ডাটা যাচাই করে ডিসমিসল্যাব। এতে দেখা যায়, ২০২২ সালের মে থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত চ্যানেলটিতে ‘শারমিন শাকিল’ ট্যাগটি ৮৫ বার ব্যবহার করা হয়েছে। আর ‘শারমিন শাকিল ২০২২’ ট্যাগটি ব্যবহার হয়েছে ৭৭ বার।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ‘দ্য কুইন্ট’ ছাড়াও তথ্য যাচাইকারী সংস্থা ‘বুম বাংলাদেশ’ ও ‘নিউজচেকার’ থেকে প্রকাশিত একই ভিডিওর ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। সবগুলো প্রতিবেদনেই ভিডিওটি ‘শারমিন শাকিল’ নামের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত সাজানো কনটেন্ট- এর অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে, প্রতিবেদনে থাকা লিংকে ক্লিক করলে তা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে সরিয়ে ফেলেছে বলে দেখা যায়। তবে ডিসমিসল্যাবের খুঁজে পাওয়া চ্যানেল ‘দ্য ডেইলি ডোজ’- এ সম্প্রতি ছড়ানো ভিডিওতে থাকা দুই থেকে তিনজন চরিত্রকে অভিনয় করতে দেখা গেছে। 

অর্থাৎ, বাংলাদেশে যুবকের তালাক দেওয়া স্ত্রীকে এক মৌলভি হিল্লে বিয়ে করার পর আর ফেরত দিতে চাইছে না বলে প্রচারিত ভিডিওটি সাজানো কনটেন্টের অংশ।

প্রসঙ্গত, ‘বাবা বানারাস’ নামের অ্যাকাউন্ট থেকে আগেও অনেকগুলো অপতথ্য ছড়ানো হয়েছে (,,,,)। 

আরো কিছু লেখা