তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্ট চেক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও ছড়াচ্ছে বৃদ্ধের সঙ্গে তরুণীর জোরপূর্বক বিয়ের দাবিতে

কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও ছড়াচ্ছে বৃদ্ধের সঙ্গে তরুণীর জোরপূর্বক বিয়ের দাবিতে

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বৃদ্ধ বরের সঙ্গে তরুণীর জোরপূর্বক বিয়ে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। একই ভিডিও প্রকাশ করা হয়েছে সংবাদমাধ্যম দাবি করা একাধিক ফেসবুক পেজ থেকেও। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, এটি একটি অভিনয়ের দৃশ্য, বাস্তব ঘটনার নয়।

সংবাদমাধ্যম পরিচয় দেওয়া দ্য ডেইলি মেহেন্দিগঞ্জ নামের একটি ফেসবুক পেজ থেকে সম্প্রতি ৫৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “জোরপূর্বক বৃদ্ধ এর সাথে তরুণীকে বিয়ে। ভিডিও ভাইরাল।” এ পর্যন্ত পোস্টটি চার শতাধিকবার শেয়ার করা হয়েছে, ভিডিওটি দেখা হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ বারের বেশি। মন্তব্যে একজন লিখেছেন, “সত্য হলে আইনের আওতায় আনা উচিত”। আরেকজন লিখেছেন, “হারাম হারাম হারাম! বিয়ে হয় নাই। সম্মতি ছাড়া জোরপূর্বক বিয়ে শরীয়ত সম্মত না, আইনত অবৈধ।”

ফ্যাক্ট চেক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও ছড়াচ্ছে বৃদ্ধের সঙ্গে তরুণীর জোরপূর্বক বিয়ের দাবিতে
ফেসবুকে ভুয়া দাবিতে ছড়ানো ভিডিওর স্ক্রিনশট।

একই ঘটনার ২ মিনিট ১৮ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে টাইমস বাংলা নামের আরেকটি ফেসবুক পেজ থেকে। এটিও শেয়ার হয়েছে প্রায় পাঁচশত বার, দেখা হয়েছে প্রায় তিন লক্ষ বার।  

কেউ আবার দাবি করছেন, টাকা আর জমির লোভে ১৪ বছরের মেয়ের সাথে ৫২ বছরের বৃদ্ধের এমন বিয়ে দেওয়া হচ্ছে। 

সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি কিফ্রেম রিভার্স সার্চ করলে এনকে মিডিয়া ওয়ান নামের একটি ইউটিউব চ্যানেলের ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। গত ১৩ এপ্রিল প্রকাশিত ভিডিওটির শিরোনামে লেখা, “বিয়ের কবুল বলতে গিয়ে একি করল মেয়ে টি II বাংলাদেশী বিয়ে ভিডিও II”। এই ভিডিওর বিভিন্ন দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর হুবহু মিল লক্ষ্য করা যায়।

ফ্যাক্ট চেক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও ছড়াচ্ছে বৃদ্ধের সঙ্গে তরুণীর জোরপূর্বক বিয়ের দাবিতে
এনকে মিডিয়া ওয়ান নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর স্ক্রিনশট।

এনকে মিডিয়া ওয়ান নামের ইউটিউব চ্যানেলটি বিশ্লেষণ করলে ডিসমিসল্যাব দেখতে পায়, চ্যানেলটি থেকে প্রায় নিয়মিত বিয়েসহ বিভিন্ন ঘটনা নিয়ে ভিডিও প্রকাশ করা হয়। গত ১৬ এপ্রিল প্রকাশিত একটি ভিডিওতে আলোচিত ভিডিওর দুইজন ব্যক্তিকে দেখা যায়। ভিডিওর ২ মিনিট ৫ সেকেন্ডে আলোচিত ভিডিওতে থাকা বরকে এবং কনের ভাইকে দেখতে পাওয়া যায়। এই ভিডিওর শিরোনাম ছিল, “খালা তো ভাই বোনের কট II পেটে তিন মাসে বাচ্চা II বিয়ে করতে রাজি ছেলে II জোর করে বিয়ে দিলো এলাকাবাসী।

একই চ্যানেল থেকে গত ৩ এপ্রিল প্রকাশিত আরেকটি ভিডিওর শিরোনাম ছিল, “নতুন বউ যখন শুশুর বাড়ি আসে !! বিয়ের বাড়ির গান II গ্রামের বিয়ের ভিডিও”। এই ভিডিওটির প্রথম সেকেন্ডেই আলোচিত ভিডিওতে থাকা বর ও কনের ভাইকে দেখতে পাওয়া যায়। এই ভিডিওতে কনের ভাই প্রায় একই রকম দেখতে পাঞ্জাবি পরিহিত। যদিও ভিডিওটির প্রেক্ষাপট ভিন্ন।

ফ্যাক্ট চেক কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও ছড়াচ্ছে বৃদ্ধের সঙ্গে তরুণীর জোরপূর্বক বিয়ের দাবিতে
অন্যান্য ভিডিওতেও একই ব্যক্তিদের বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়।

এছাড়া, চলতি বছরের ৫ মার্চে প্রকাশিত একটি ভিডিও দেখতে পায় ডিসমিসল্যাব। “কন্যা বিদায় বেলা বরের কি হাল না দেখলে টোটাল ই মিস 😜”— শিরোনামে প্রকাশিত ভিডিওর ৫৯ সেকেন্ডে আলোচিত ভিডিওর কনের ভাইকে একই পাঞ্জাবিতে দেখতে পাওয়া যায়। এখানেও ভিন্ন প্রেক্ষাপটে।

অর্থাৎ, ভিডিওগুলো সাজানো ঘটনার দৃশ্য, যেখানে একাধিক ব্যক্তিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। জোরপূর্বক বৃদ্ধ বরের সঙ্গে তরুণীর বিয়ে দেওয়া হচ্ছে দাবিতে ফেসবুকে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি সত্য ঘটনার দৃশ্য নয়।

আরো কিছু লেখা