দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের মধ্যেই ফেসবুকে একটি মরদেহের ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে সাভারে পুলিশের গুলিতে আরেকজন শ্রমিক মারা গেছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা গেছে, ছবিটি বাগেরহাটে জমি বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত এক তরুণের।
৪ নভেম্বর ‘বাংলাদেশ ছাত্রলীগ 2.5’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “তৌফিকের মর্মান্তিক মৃত্যুর পর আজ সাভারে পুলিশের গুলিতে আরেকজন শ্রমিক নিহত। ভাতের জন্য আর কত জীবন অকালে কেঁড়ে নিবে অবৈধ তারেক সরকার!!!” (বানান অপরিবর্তিত)
ফেসবুকে আরও কয়েকটি প্রোফাইল ( ২, ৩) থেকেও ছবিটি একই দাবিতে ছড়াতে দেখা গেছে।
ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করে দৈনিক অর্থনীতির কাগজের অনলাইন সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম ছিল “বাগেরহাটে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হামলা, নিহত ছেলে, আহত বাবা”।

প্রতিবেদনটিতে ফেসবুকে ছড়িয়ে পড়া একই ছবি পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন।
একই ঘটনা নিয়ে ২১ সেপ্টেম্বর জাগোনিউজ২৪-এ “বাগেরহাটে জমি বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে বলা হয়, রামপালের ইসলামাবাদ এলাকায় জমির সীমানা থেকে পানি নিষ্কাশন নিয়ে বিরোধের একপর্যায়ে আহাদ ও তার বাবার ওপর হামলা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আহাদের মৃত্যু হয়।
এ ছাড়া ২১ সেপ্টেম্বর ঢাকা মেইল এবং খুলনা গেজেটে একই ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনেও বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধের ঘটনায় এক যুবকের নিহত হওয়ার তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, সাভারে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে নিহত আহাদ আহমেদের মরদেহের।
প্রসঙ্গত, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার, গাজীপুর, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এসব বিক্ষোভকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

