মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Factchecking Bangladesh Graments worker protest

গার্মেন্টস শ্রমিক পরিচয়ে টাকা দিয়ে লোক আনার দাবিতে ছড়াল ইনকিলাব মঞ্চের কর্মসূচির ভিডিও

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

টাকা দিয়ে লোক এনে গার্মেন্টস শ্রমিক পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, এমন দাবিতে ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের নয়। এটি গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির দৃশ্য।

‘এমডি জাহাঙ্গীর আলম’ (MD Zahangir Alam) নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে সম্প্রতি ১৫ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। এতে লেখা হয়, “এরা গার্মেন্টস শ্রমিক নয়.. আমার বার বার বলছি টাকা দিয়ে লোক এনে গার্মেন্টস শ্রমিক নাম দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে দেশবিরোধী চক্র। ভিডিও ফুটেজ দেখে এদেরকে গ্রেফতার করা হোক।”

গার্মেন্টস শ্রমিক পরিচয়ে টাকা দিয়ে লোক এনে বিশৃঙ্খলা সৃষ্টির দাবিতে ‘MD Zahangir Alam’ ও ‘Rana BP’ নামের ফেসবুক প্রোফাইল থেকে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট।

ভিডিওতে সড়কের পাশে কয়েকজন নারী ও পুরুষকে জড়ো হতে দেখা যায়। তাদের মধ্যে কয়েকজন নারী হিজাব ও মুখঢাকা পোশাক পরেছেন। এক ব্যক্তি তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন এবং হাত তুলে সামনের দিকে ইশারা করছেন।  ভিডিওতে কয়েকজন নারী-পুরুষের মধ্যে টাকা লেনদেন হতে দেখা যায়।

এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ওই পোস্ট নয়শ বারের বেশি শেয়ার হয়েছে। প্রতিক্রিয়া এসেছে দেড় হাজারের বেশি। একই দাবিতে আরও একাধিক অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি পোস্ট করা হয়েছে। (১, ২, ৩)।

ভিডিওর সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ও ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমার (Fatima Tasnim Zuma) ফেসবুক পেজে গত ২৮ অক্টোবর প্রকাশিত একই দৃশ্যের একটি ভিডিও পোস্ট পাওয়া যায়। পোস্টে তিনি লেখেন, “পথে প্রান্তরে মার্চ ফর ইনসাফ সফল করতে অগণিত মানুষ দোয়া, ভালোবাসা, অর্থ দিয়ে সাহায্য করে যাচ্ছেন। তাঁরা হয়তো পুরোটা সময় মার্চে থাকতে পারবেন না, কিন্তু আমাদের এই কঠিন পথটা সহজ করে দিতে সাহায্য করছেন।” পোস্টে আরও লেখা হয়, “নাম না জানা এই মানুষগুলোর প্রতি ইনসাফকামী সকল মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা।” 

ফাতিমা তাসনিম জুমার ফেসবুক পেজে ২৮ অক্টোবর প্রকাশিত ভিডিও এবং ২৬ অক্টোবর নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ছবি

আরও যাচাইয়ে ফাতিমা তাসনিম জুমার পেজে গত ২৬ অক্টোবর প্রকাশিত আরেকটি পোস্ট পাওয়া যায়। সেখানে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির একাধিক ছবি রয়েছে। ছবিগুলোতে তাকে লাল-সাদা নকশার কাপড়ে মুখ ঢাকা অবস্থায় দেখা যায়। দাবিতে প্রচারিত ভিডিওতেও তাকে একই ধরনের পোশাকে দেখা যায়। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও একই কর্মসূচির একটি ভিডিও পাওয়া যায়। 

পরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের কর্মসূচি, হাদি হত্যার বিচার দাবি’ শিরোনামের প্রতিবেদনটিতে বলা হয়, ওই দিন বিকেলে নগরীর চাষাঢ়ায় ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের ও সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা।

একই দিন বাংলাবাজার পত্রিকায় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়, ২৬ অক্টোবর বিকেল চারটায় চাষাঢ়ায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয়।

অর্থাৎ, গার্মেন্টস শ্রমিক পরিচয়ে টাকা দিয়ে লোক এনে বিশৃঙ্খলা সৃষ্টির দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি নারায়ণগঞ্জে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির একটি দৃশ্য।

আরো কিছু লেখা