ঢাকায় মুসলিম নারীদের জন্য নতুন উদ্ভাবন হিসেবে পর্দাযুক্ত রিকশা চালুর দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রার।
‘ভয়েস অব বিডি হিন্দুস বিডি’ নামে এক্স অ্যাকাউন্ট থেকে গত ৩ নভেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ইংরেজি ক্যাপশন বাংলা করলে দাঁড়ায়, “একটি নতুন উদ্ভাবন: ঢাকায় মুসলিম নারীদের জন্য পর্দাযুক্ত রিকশা।” ‘কালের কণ্ঠ’ পত্রিকার লোগোযুক্ত ১৭ সেকেন্ডের এই ভিডিওতে বেশ কয়েকটি পর্দাযুক্ত রিকশা দেখা যায়। ভিডিওতে লেখা, “পর্দাঘেরা ‘মহিলা রিকশা’ দেখা গেল রাজধানীতে”।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ১৩ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ৭৫ বার রিপোস্ট করা হয়েছে। মন্তব্যে একজন লিখেছেন, “বাংলাদেশে নারীদের নিরাপত্তা কি আসলেই এতটা খারাপ?” আরেকজন লিখেছেন, “ইসলামের আধিপত্য প্রতিষ্ঠার আগ পর্যন্ত বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল ছিল।”
ভিডিওটির কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রিনটিভি নিউজের ১ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। গত ২৯ আগস্ট প্রকাশিত এই ভিডিও প্রতিবেদনে দেখা রিকশাচালক, রিকশার ওপর টানানো কাপড় এবং রিকশায় থাকা যাত্রীর পোশাক ও অঙ্গভঙ্গির সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির পুরোপুরি মিল রয়েছে।
ইউটিউবের এই ভিডিও প্রতিবেদন সম্পর্কে গ্রিনটিভি নিউজ লিখেছে, “পুরান ঢাকার লক্ষ্মীবাজারে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের শোভাযাত্রায় দেখা গেল ঐতিহ্যবাহী পর্দাঘেরা ‘মহিলা রিকশা’। একসময় নারীদের যাতায়াতে ব্যবহৃত এই বিশেষ রিকশা আধুনিক নগরজীবনে প্রায় হারিয়ে গেলেও ঐতিহ্যের অংশ হিসেবে আবারও দেখা মিলেছে ঢাকার রাজপথে।”

ক্যাপশন: গ্রিনটিভি নিউজে প্রচারিত ভিডিও প্রতিবেদনের (বাঁয়ে) ও কালবেলায় প্রকাশিত প্রতিবেদনের (ডানে) স্ক্রিনশট
প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে “সড়কে পর্দাঘেরা ‘মহিলা রিকশা’, ফিরে এলো যেন সেকালের ঢাকা” শিরোনামে দৈনিক কালবেলার প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। গত ২৯ আগস্ট প্রকাশিত এই প্রতিবেদনে কালবেলা লিখেছে, “পর্দাঘেরা একটি রিকশা। দেখলে মনে হবে পুরোনো ঢাকার কোনো সড়ক থেকে উঠে এসেছে অতীতের সেই বাহন। ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে পুরান ঢাকার লক্ষ্মীবাজারে বের হওয়া বর্ণিল শোভাযাত্রায় এমনই এক ‘মহিলা রিকশা’ বিশেষ নজর কেড়েছে।”
কালবেলার এই প্রতিবেদন থেকে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে গত ২৮ আগস্ট ‘ঢাকা শোভাযাত্রা’ আয়োজিত হয়। ঐতিহ্যের অংশ হিসেবে স্টিমার, ঘোড়ার গাড়ি, পালকি এবং পর্দাঘেরা ‘মহিলা রিকশা’ তুলে ধরে এই আয়োজনের মাধ্যমে ঢাকার পুরোনো যাতায়াতব্যবস্থার স্মৃতি ফিরিয়ে আনা হয়।
এর আগেও ঢাকার হারিয়ে যাওয়া এই রিকশার প্রদর্শনীকে ‘মহিলা রিকশা চালু’ বলে প্রচার করা হলে, তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছিল দ্য ডিসেন্ট। তবে ভিডিওটি সম্প্রতি আবারও ভুয়া দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অর্থাৎ, ঢাকায় মুসলিম নারীদের জন্য পর্দাযুক্ত রিকশার উদ্ভাবন দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রকৃতপক্ষে একটি শোভাযাত্রার।

