মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
Garment workers vow bring Hasina factcheck

২০২৪ সালের আ. লীগ নেতাকর্মীদের ভিডিও ছড়াচ্ছে গার্মেন্টস শ্রমিকদের শপথের দৃশ্য দাবিতে

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

গার্মেন্টস শ্রমিকরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছেন, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার এই শপথ নিয়েছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

৪ নভেম্বর “শেখ হাসিনার সৈনিক” নামের একটি ফেসবুক পেজ থেকে ৩০ সেকেন্ডের ভিডিওটি (আর্কাইভ) পোস্ট করে লেখা হয়, “সকল গার্মেন্টস শ্রমিকরা শপথ নিয়েছে শেখ হাসিনাকে যেভাবেই হোক দেশে আনবে।” ভিডিওতে সমবেত ব্যক্তিদের শপথ পাঠ করতে দেখা যায়, যেখানে বলা হয়, “আমরা শপথ করিতেছি যে, আন্দোলনের মাধ্যমে আমাদের এক বিন্দু রক্ত থাকতে আন্দোলন ব্যাহত হইতে দেবো না। আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলা মাটিতে ….”। 

প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি প্রায় ১২ হাজার বার দেখা হয়েছে এবং শতাধিকবার শেয়ার করা হয়েছে। 

একই ভিডিও ফেসবুকের একাধিক ব্যক্তিগত অ্যাকাউন্ট ও গ্রুপ (১, ২, ৩, ৪) থেকেও ছড়াতে দেখা গেছে। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকাত হোসেন খানের ভেরিফাইড প্রোফাইল থেকেও ভিডিওটি একই দাবিতে শেয়ার হতে দেখা গেছে।

অনুসন্ধানে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৪ সালের ৮ আগস্ট যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়া আ.লীগের শপথ” শিরোনামের ১ মিনিট ৩০ সেকেন্ডের ওই ভিডিওর ১ মিনিটের পরের অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল রয়েছে।

এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন (১, ২, ৩) পাওয়া যায়। ২০২৪ সালের ৮ আগস্ট চ্যানেল টুয়েন্টিফোরের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে শপথ গ্রহণ করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন সর্দার।

যমুনা টিভির ইউটিউব চ্যানেল ও চ্যানেল টুয়েন্টিফোরের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিওর স্ক্রিনশট

অর্থাৎ, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের নেওয়া পুরোনো শপথের ভিডিওটি গার্মেন্টস শ্রমিকদের শপথের দৃশ্য বলে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণসহ বিভিন্ন দাবিতে সম্প্রতি ঢাকার মিরপুর ও সাভার এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

আরো কিছু লেখা