ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, যেন চলমান আন্দোলনে যোগ দিতে না পারেন তা নিশ্চিত করতে এক নারী পোশাক শ্রমিককে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। একটি দাবিতে বলা হয়েছে, কালিয়াকৈর উপজেলার ছাত্রদলের নেতা ওই নারীকে বেঁধে রেখেছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ভিডিওটি প্রায় তিনমাস পুরোনো এবং ভিন্ন ঘটনার। যাচাইয়ে দেখা যায়, ২০২৬ সালের আগস্ট মাসে ময়মনসিংহে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগে ওই নারীর পুত্রবধূকে বেঁধে রাখার দৃশ্য এটি।
‘দৈনিক আমাদের সংবাদ’ নামের একটি পেজ থেকে গত ০২ নভেম্বর একটি ভিডিও পোস্ট করা হয়। ৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাছের সঙ্গে এক নারীকে বেঁধে রাখা হয়েছে। পোস্টে লেখা, “শ্রমিক আন্দোলনে অংশ নেওয়ায় মহিলাকে গাছের সাথে বেঁধে রাখে এভাবে বিস্তারিত ভিডিওতে দেখুন।”
এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত, ভিডিওটি ১৮ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং ৬২ বার শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে প্রতিক্রিয়া ছিল দুইশর বেশি।
‘গোপালগঞ্জ ইনসাইডারস’ নামে আরেকটি পেজ থেকে একই ভিডিও পোস্ট করে বর্ণনায় লেখা হয়েছে, “আন্দোলনে যোগ দিতে যাওয়ায় নারী পোশাক শ্রমিককে গাছের সাথে বেঁধে রাখলেন কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান।”
ফেসবুকে একাধিক ব্যক্তিগত প্রোফাইল (১, ২) থেকে একই ভিডিওটি পোস্ট করে ওই নারীকে আন্দোলনে যোগ দিতে না যাওয়ার জন্য বেঁধে রাখা হয়েছে, এমন দাবিতে ছড়ানো হয়েছে।
অনুসন্ধানে ভিডিওটি থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে নিজেদের সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়া ‘দৈনিক জীবন যাত্রা’ র ফেসবুক পেজ থেকে ২০২৫ সালের ১৮ আগস্ট প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রতিবেদনের বর্ণনায় বলা হয়, “ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের বাড়িয়াকান্দা গ্রামে এক ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে তার মাকে মা-র-ধ-র করে ধানক্ষেতে ফেলে রাখার অভিযোগ উঠেছে।” (লেখা অপরিবর্তিত) ২ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওর দৃশ্যপটের সঙ্গে প্রচারিত ভিডিওর সাদৃশ্য রয়েছে।

বিস্তারিত জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ঘটনাটি নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (১, ২, ৩, ৪, ৫) পাওয়া যায়। প্রথম আলোর প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যমতে, ময়মনসিংহের হালুয়াঘাটে জমি নিয়ে চলতি বছরের ১৭ আগস্ট কথা-কাটাকাটির এক পর্যায়ে ছেলের ধাক্কায় মাটিতে পড়ে রেজিয়া খাতুন (৮২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে দুলাল মিয়া ও পুত্রবধূ হোসনে আরাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

অর্থাৎ, চলমান শ্রমিক আন্দোলনে যোগ দেওয়া আটকাতে নারীকে গাছের সঙ্গে বেঁধে রাখার দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া। মূল ঘটনাটি প্রায় তিন মাস পুরোনো ময়মনসিংহের ভিন্ন ঘটনার ভিডিও।
উল্লেখ্য যে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক কারখানার শ্রমিকেরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন।

