মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Factchecking Bangladesh Graments worker protest BNP

গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলার দাবিতে সীতাকুণ্ডের পুরোনো ছবি প্রচার

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে বিএনপি নেতা অস্ত্র নিয়ে হামলা করছে দাবিতে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি গাজীপুরের নয়। এটি গত ১ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময়কার ছবি।

গত ২ নভেম্বর ‘জয় বাংলা’ (Joy Bangla) নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করা হয়। এতে লেখা হয়, “বিএনপি নেতার হাতে ভারী অস্ত্র নিয়ে গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে হামলা।” ছবিতে পাঞ্জাবি ও ধূসর রঙের প্যান্ট পরা এক ব্যক্তির হাতে আগ্নেয়াস্ত্রের মতো দেখতে একটি বস্তু দেখা যাচ্ছে। তার পেছনে দোকানপাট এবং সড়ক বিভাজকের অপর পাশে এক নারীকে দেখা যাচ্ছে।

গাজীপুরে শ্রমিক আন্দোলনে বিএনপি নেতার অস্ত্র নিয়ে হামলার দাবিতে ‘জয় বাংলা’ ফেসবুক পেজ থেকে প্রচারিত ছবির স্ক্রিনশট

এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত পোস্টটি এক হাজারের বেশি বার শেয়ার হয়েছে। প্রতিক্রিয়া এসেছে আড়াই হাজারের বেশি। একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়েছে ‘আমি বাঙালি’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকেও। 

দাবির সত্যতা যাচাইয়ে ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে গত ২ সেপ্টেম্বর আজকের পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র হাতে থাকা যুবকদের খুঁজছে পুলিশ’ শিরোনামের প্রতিবেদনটিতে একই ছবি রয়েছে। ছবিতে থাকা ব্যক্তির পোশাক, অস্ত্র, পেছনের ছাউনিযুক্ত দোকান ও পথচারী নারীর অবস্থানের সঙ্গে ফেসবুকে প্রচারিত ছবির মিল পাওয়া যায়।

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ নিয়ে ২ সেপ্টেম্বর আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে একই ছবি পাওয়া যায়

প্রতিবেদনটিতে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের হাসান গোমস্তা মসজিদ এলাকায় দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের অনুসারীরা জড়িয়ে পড়েন। 

একই ছবি পাওয়া যায় গত ৩ সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত আরেকটি প্রতিবেদনে। ‘সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অস্ত্র হাতে থাকা দুই যুবক শনাক্ত’ শিরোনামের প্রতিবেদনটিতে বলা হয়, সংঘর্ষের সময় অস্ত্র হাতে থাকা দুই যুবককে শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন সিরাজুল ইসলাম ও মো. সাদেক। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ছবিতে থাকা ব্যক্তির নাম সিরাজুল ইসলাম।

পরে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ করে একুশে টেলিভিশন ও প্রথম আলোর ইউটিউব চ্যানেলে একই ঘটনার ভিডিও প্রতিবেদনও পাওয়া যায়। একুশে টেলিভিশনের ‘চট্টগ্রাম বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অস্ত্র হাতে দুই যুবকের মহড়া’ শিরোনামের ভিডিওতে সংঘর্ষের সময় অস্ত্রধারী ব্যক্তিদের দৃশ্য রয়েছে।

এ ছাড়া প্রথম আলোর ইউটিউব চ্যানেলে গত ২ সেপ্টেম্বর প্রকাশিত ‘চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, দুই অস্ত্রধারীকে খুঁজছে পুলিশ’ শিরোনামের ভিডিও প্রতিবেদনেও একই ঘটনার বিভিন্ন দৃশ্য পাওয়া যায়।

অর্থাৎ, গাজীপুরে শ্রমিকদের আন্দোলনে এক বিএনপি নেতাকে অস্ত্র হাতে হামলা করতে দেখা যাচ্ছে — এমন দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি মূলত গত ১ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময়কার।

আরো কিছু লেখা