সৌদি আরবে বাংলাদেশি এক নবদম্পতিকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনার বিচার চেয়ে বাংলাদেশে সৌদি দূতাবাসের বাইরে প্রতিবাদ মিছিল হয়েছে, এমন দাবিতে এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। ভিডিওর দৃশ্যটি জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সড়কের দৃশ্য। জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে জামায়াতে ইসলামী ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল।
‘GFN’ (Global Frontline News) নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে গত ২০ অক্টোবর ৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে দাবি করা হয়, সৌদি আরবে এক বাংলাদেশি নবদম্পতিকে হত্যার অভিযোগের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশে সৌদি দূতাবাসের বাইরে প্রতিবাদ মিছিল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, ব্যানার হাতে একটি মিছিল সামনের দিকে এগিয়ে আসছে। ব্যানারে লেখা, “মেজর (অব.) আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে…মিছিল।” ব্যানারে তারিখ হিসেবে ৩ অক্টোবর ২০২৬ লেখা ছিল।
এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি প্রায় পাঁচ লাখ বার দেখা হয়েছে এবং প্রায় সাড়ে সাতশ বার রিপোস্ট করা হয়েছে।
এক্সের একাধিক অ্যাকাউন্ট (১, ২) থেকে ভিডিওটি পোস্ট হতে দেখা গেছে।
অনুসন্ধানে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। ফলাফলে বিডিলাইভডটকম টোয়েন্টিফোর নামের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। “বিমানবন্দরে হয়রানি কেন, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে জবাব চাইলেন জামাতের নেতারা” শিরোনামে গত ৩ অক্টোবর প্রকাশিত ২১ সেকেন্ডের ভিডিওটির শুরুর দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিছিলে অংশগ্রহণকারী, ব্যানার ও আশপাশের দৃশ্যের হুবহু মিল রয়েছে।
বিস্তারিত যাচাইয়ে গত ৩ অক্টোবর জামায়াতে ইসলামীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। “একনজরে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও বিশাল মিছিল” শিরোনামে প্রকাশিত উক্ত ভিডিওতেও মিছিলে অংশগ্রহণকারী ও ব্যানারের দৃশ্যগুলো ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে মিলে যায়।
এ ঘটনায় একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গত ৩ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘সরকার কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে ঠুনকো অজুহাতে গ্রেপ্তারের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগরী জামায়াত। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও হাইকোর্ট মোড় প্রদক্ষিণ করে মৎস্য ভবন এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, গত ২ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, কর্মকর্তাকে হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আখতারুজ্জামানকে গ্রেফতার করা হয়।
অর্থাৎ, জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে জামায়াতে ইসলামীর মিছিলের ভিডিওকে সৌদিতে বাংলাদেশি দম্পতি হত্যার প্রতিবাদে সৌদি দূতাবাসের সামনে মিছিলের দৃশ্য দাবিতে ছড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে গত ১৪ অক্টোবর ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে বাংলাদেশ মিশনের তরফে বলা হয় এ সিদ্ধান্তের আগে সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশকে কিছু জানানো হয়নি।

