মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
আইফেল টাওয়ারে ফিলিস্তিনের পতাকার ভিডিওটি এআই দিয়ে তৈরি

আইফেল টাওয়ারে ফিলিস্তিনের পতাকার ভিডিওটি এআই দিয়ে তৈরি

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

সম্প্রতি ফেসবুক ও এক্সে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, প্যারিসের আইফেল টাওয়ারের চূড়ায় ফিলিস্তিনের পতাকা টাঙিয়েছেন বিক্ষোভকারীরা। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। 

গত ১৯ অক্টোবর “প্রাইম নিউজ” (Prime News) নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ৮ সেকেন্ডের ভিডিওতে আইফেল টাওয়ারের চূড়ায় একটি পতাকা উড়তে দেখা যায়। টাওয়ারের উপরের দিকে আরেকটি বিশাল পতাকা ঝুলছে। সেখানে কয়েকজন মানুষের অবয়বও আছে। পোস্টে লেখা ছিল, “আইফেল টাওয়ারে ফিলিস্তিনের পতাকা টাঙিয়ে বিশ্বকে বার্তা বিক্ষোভকারীদের | Prime News”।

এ প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি দশ হাজারের বেশি বার দেখা হয়েছে।

একই ভিডিও এক্সেও ছড়িয়েছে। গত ১৯ অক্টোবর “নানিবারবোসা” অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে পর্তুগিজ ভাষায় লেখা হয়েছে, “Parabéns, @EmmanuelMacron. Você destruiu Paris.” যার বাংলা অর্থ দাঁড়ায়, “অভিনন্দন, ইমানুয়েল মাক্রোঁ। আপনি প্যারিসকে ধ্বংস করেছেন।” পোস্টটি ২১ লাখের বেশি বার দেখা হয়েছে। 

ডিসমিসল্যাব ভিডিওটি খুঁটিয়ে দেখেছে। প্রথমে পতাকা দুটি যাচাই করা হয়। ভিডিওতে চূড়ার অ্যান্টেনা-দণ্ডের মাথায় একটি পতাকা উড়ছে। আরেকটি বিশাল পতাকা উপরের ডেকে ঝুলছে। দুই পতাকাতেই কালো, সাদা ও সবুজ তিনটি অনুভূমিক ডোরা এবং বাঁ পাশে একটি লাল ত্রিভুজ আছে। তবে উপরের পতাকার লাল ত্রিভুজের ভেতরে পাঁচটি কোণবিশিষ্ট একটি সাদা তারা দেখা যায়, নিচের পতাকায় কোনো তারা নেই। ফিলিস্তিনের পতাকার লাল ত্রিভুজে কোনো তারা নেই, জর্ডানের পতাকার লাল ত্রিভুজে সাতটি কোণবিশিষ্ট একটি সাদা তারা থাকে। অর্থাৎ, একই ভিডিওতে দুটি আলাদা নকশার পতাকা দেখানো হয়েছে।

ডিসমিসল্যাব ভিডিওটি এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করেছে। হাইভ মডারেশন জানিয়েছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৬৫.৩ শতাংশ।

এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশনে যাচাইয়ের ফলাফলের স্ক্রিনশট

প্রসঙ্গত, গত ১৫ মে আইফেল টাওয়ারের দ্বিতীয় তলায় ফিলিস্তিনের পতাকা টাঙানো হয়েছিল। ওইদিন নাকবা দিবস উপলক্ষে পরিবেশবাদী সংগঠন এক্সটিংশন রেবেলিয়নের কর্মীরা টাওয়ারের দ্বিতীয় তলায় একটি ফিলিস্তিনি পতাকা টাঙান। এএফপির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

অর্থাৎ, প্যারিসের আইফেল টাওয়ারের চূড়ায় ফিলিস্তিনের পতাকা টাঙানোর ভিডিওটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি।

আরো কিছু লেখা