মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
Saudi Arabia Super Market

যুদ্ধের আতঙ্কে ভিড় নয়, ভিডিওটি মক্কার একটি সুপারমার্কেট উদ্বোধনের

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

যুদ্ধের আশঙ্কায় সৌদি আরবের মানুষ সুপারমার্কেটে ভিড় করেছেন, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি যুদ্ধের আশঙ্কায় সুপারমার্কেটে ভিড়ের দৃশ্যের নয়। এটি ২০২৫ সালে সৌদি আরবের মক্কায় ওই সুপারমার্কেট উদ্বোধনের সময় ধারণ করা হয়।

গত ১৭ অক্টোবর “ব্রিগেডিয়ার জেনারেল এম এ হক পেইজ” নামে ফেসবুকের একটি ভেরিফায়েড পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ২৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি সুপারমার্কেটের ভেতরে মানুষ হুড়োহুড়ি করে শপিং ট্রলি ও ঝুড়ি সংগ্রহ করছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, “সৌদি আরবে চরম আতঙ্ক… 😱🇸🇦 যুদ্ধের আশঙ্কায় সৌদি আরবের মানুষ সুপারমার্কেটগুলোতে এমনভাবে ভিড় জমিয়েছেন যে তা রীতিমতো ভীতিজনক। একটি ভিডিওতে ফুটে উঠেছে ভবিষ্যতের সম্ভাব্য সংকট—যুদ্ধ, পণ্যের ঘাটতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সামনে আসতে পারে এমন কঠিন দিনগুলোর ইঙ্গিত।” (বানান অপরিবর্তিত)।

পোস্টটিতে মন্তব্য করা অধিকাংশ ব্যবহারকারী দাবিটি বিশ্বাস করেননি। কয়েকজনের মন্তব্যে বলা হয়েছে, নতুন মার্কেট চালু হওয়া বা বিশেষ অফারের কারণে এমন ভিড় হতে পারে। একজন নিজেকে সৌদি আরবে অবস্থানরত দাবি করে লিখেছেন, সেখানে এমন কিছু ঘটছে না।

এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ৩ হাজার ৬০০-এর বেশি প্রতিক্রিয়া পেয়েছে, ৪০০ বারের বেশি শেয়ার হয়েছে এবং ১ লাখ ৭১ হাজারের বেশি বার দেখা হয়েছে।

একই দাবিতে ফেসবুকের একাধিক পেজ (১, ২, ৩, ৪) ও ব্যক্তিগত অ্যাকাউন্ট (১, ২ , ৩) থেকেও ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওটির সত্যতা যাচাইয়ে এর কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে টিকটকে “আল বদর মক্কা” (البدر مكة) নামের একটি অ্যাকাউন্ট থেকে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর আপলোড করা ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। ওই ভিডিওর আরবি ক্যাপশনের বাংলা অর্থ, “এক্সপ্লোর, শারায়ে ইকোনমিক হলের উদ্বোধন #সৌদি_আরব #মক্কা”।

টিকটকে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর (বামে) ও ৩০ আগস্ট (ডানে) প্রকাশিত সুপারমার্কেট উদ্বোধনের দুটি ভিডিওর স্ক্রিনশট

ভিডিওর ওপরেও আরবিতে লেখা, “শারায়েতে উদ্বোধন, দ্য প্রিমিয়াম ইকোনমি লাউঞ্জ”। ভিডিওতে অবস্থান হিসেবে মক্কার নাম উল্লেখ করা হয়েছে।

আরও যাচাইয়ে গুগল ম্যাপে একই স্থানে ওই নামে একটি সুপারমার্কেটের সন্ধান পাওয়া যায়। এর সাইনবোর্ডে আরবি নামের নিচে ইংরেজিতে “The Premium Economy Lounge” লেখা। প্রতিষ্ঠানটি সৌদি আরবের মক্কা শহরে অবস্থিত।

গুগল ম্যাপে ব্যবহারকারীদের আপলোড করা ছবির সঙ্গে ভিডিওর দৃশ্য মিলিয়ে দেখা হয়। এতে ভবনের কাঠামো ও ছাদের বাতির বিন্যাসের মিল পাওয়া যায়। প্রতিষ্ঠানটি সৌদি আরবভিত্তিক একটি সুপারমার্কেট চেইনের অংশ।

এর আগে ২০২৫ সালের ৩০ আগস্ট টিকটকে এই সুপারমার্কেটের উদ্বোধনের আরেকটি ভিডিও প্রকাশিত হয়। এতে বাইরে অপেক্ষারত অনেক মানুষকে উদ্বোধনের সময় ভেতরে প্রবেশ করতে দেখা যায়।

এর আগে একই ভিডিওকে “অবৈধ অভিবাসীদের কেনাকাটা”র দৃশ্য বলে প্রচার করা হয়েছিল। জর্জিয়ার ফ্যাক্টচেকিং সংস্থা মিথ ডিটেক্টরও (Myth Detector) ভিডিওটি যাচাই করে জানায়, এটি সৌদি আরবে একটি সুপারমার্কেট উদ্বোধনের দৃশ্য।

অর্থাৎ, ভিডিওটি যুদ্ধের আশঙ্কার নয়, ২০২৫ সালে মক্কায় একটি সুপারমার্কেটের উদ্বোধনের সময় ধারণ করা।

আরো কিছু লেখা