নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক, যুবলীগ কর্মী নির্যাতন, ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার

যুবলীগের কর্মীকে নির্যাতনের দাবিতে ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, এক যুবলীগ কর্মীকে বিএনপির কর্মীরা নির্যাতন করছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি কুমিল্লায় অনৈতিক সম্পর্কের অভিযোগে এক যুবককে নির্যাতনের দৃশ্য। ২০২৫ সালের ২২ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামে এক যুবককে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছিল, ছড়িয়ে পড়া ভিডিওটি সে ঘটনার।

ফেসবুকে “স্বাধীন বাংলাদেশ” নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১৪ অক্টোবর একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “দীর্ঘদিন পর যুবলীগের কর্মী বাড়িতে আসলেন। স্ত্রী সন্তান সহ ভাত খেতে বসলেন, কিন্তু ভাত খাওয়া আর হলোনা ভাত খাওয়া অবস্থায় বিএনপির লোকজন এসে তাকে নির্মমভাবে মারধর করলেন।” ১০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি খাটে এক ব্যক্তিকে একাধিক লোক মারধর করছে। ফেসবুকের একাধিক প্রোফাইল, পেজ এবং গ্রুপ (১, ২, ৩, ৪, ৫) থেকে একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়। সামাজিক মাধ্যম এক্সেও ভিডিওটি পাওয়া যায়। 

ফ্যাক্টচেক, যুবলীগ কর্মী নির্যাতন, ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

অনুসন্ধানে ভিডিওটির কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করে দেখেছে ডিসমিসল্যাব। এতে ২০২৫ সালের ২৪ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এ প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। প্রতিবেদনটির শিরোনাম ছিল, “কুমিল্লায় অনৈতিক সম্পর্কের অভিযোগে যুবককে নির্যাতনের পর মাথা ন্যাড়া।”

প্রতিবেদনে বলা হয়, “ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার যুবকের পরিবারের দাবি, ষড়যন্ত্র করে তাঁকে নির্যাতন করা হয়েছে। পরিকল্পিতভাবে তাঁকে মারধর করে পরে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে বুধবার সন্ধ্যা সাতটায় উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামে ওই যুবককে নির্যাতন করা হয়।” 

এছাড়াও একাধিক (১, ২) সংবাদমাধ্যমে ঘটনাটিকে অনৈতিক সম্পর্কের অভিযোগে নির্যাতনের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। 

ফ্যাক্টচেক, যুবলীগ কর্মী নির্যাতন, ভিন্ন ঘটনার দৃশ্য প্রচার
মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন।

অর্থাৎ, যুবলীগ কর্মীকে নির্যাতনের দাবিতে ছড়ানো হয়েছে কুমিল্লার ভিন্ন ঘটনার দৃশ্য।

আরো কিছু লেখা