মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
বাংলাদেশের ভিডিওকে ভারতের আন্দোলনের দৃশ্য বলে প্রচার

বাংলাদেশের ভিডিওকে ভারতের আন্দোলনের দৃশ্য বলে প্রচার

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

ভারতের আন্দোলন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, এমন দাবিতে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওটি ভারতের নয়, বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ এলাকার।

‘Golpo – গল্প’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৪ অক্টোবর  ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “ভারতের আন্দোলন থেকে রাতে সরাসরি সম্প্রচার লাইভ।” ইনডিয়ান পলিটিকস ও প্রোটেস্ট ইন ইন্ডিয়া হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় ২ হাজার ৫০০ জন এবং পোস্টটি দুই শতাধিকবারের বেশি শেয়ার করা হয়েছে।

ভিডিওর বিভিন্ন দৃশ্যের সঙ্গে অবশ্য দাবির মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক ঘন্টাব্যাপী ভিডিওতে বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস এবং ‘পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ এভিনিউ শাখা’ লেখা একটি সাইনবোর্ড দেখা যায়।

দাবির সত্যতা যাচাইয়ে ভিডিওতে থাকা দৃশ্যের সূত্র ধরে এর ভৌগোলিক অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হয়। এ জন্য ভিডিওতে দেখা স্থাপনা ও আশপাশের পরিবেশের সঙ্গে গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের তুলনা করা হয়। এতে ঢাকার শাহবাগ এলাকার দৃশ্যের সঙ্গে ভিডিওটির মিল পাওয়া যায়।

ভারতের আন্দোলনের দৃশ্য বলে ছড়ানো ভিডিও (বামে); ঢাকার শাহবাগ এলাকার গুগল স্ট্রিট ভিউ (ডানে)

ভিডিওতে ‘পূবালী ব্যাংক লিমিটেড, শাহবাগ এভিনিউ শাখা’ লেখা সাইনবোর্ডটি দেখা যায়। গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ে শাহবাগ এলাকার সঙ্গে তুলনা করে এই স্থাপনার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এ ছাড়া ভিডিওতে বাংলাদেশের জাতীয় পতাকা ও বিআরটিসির বাসও দেখা যায়। এসব দৃশ্যমান উপাদান ভিডিওটির অবস্থান বাংলাদেশে হওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অর্থাৎ, ভারতের আন্দোলন থেকে সরাসরি সম্প্রচারের দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগ এলাকার।

আরো কিছু লেখা