
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি বিশাল জনসমাবেশের ছবি ছড়িয়ে পড়তে দেখা যায়। দাবি করা হচ্ছে, সৌদি আরবের জনগণ সেদেশে মার্কিন সামরিক ঘাঁটি সরানোর দাবিতে একটি বড় সরকারবিরোধী আন্দোলন করছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ফেসবুকে ছড়িয়ে পড়া এক ছবিতে দেখা যায়, একটি প্রশস্ত রাস্তায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় বহুদূর পর্যন্ত বিস্তৃত। সামনের সারির আন্দোলনকারীদের হাতে বড় বড় পোস্টার রয়েছে, যেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো দেখতে একটি ছবির ওপর বড় করে লাল ‘ক্রস’ চিহ্ন দেওয়া। ভিড়ের মধ্যে বেশ কিছু সবুজ রঙের সৌদি পতাকা উড়তে দেখা যাচ্ছে।

ভিডিও-এর ক্যাপশনে লেখা, “আজ বিশাল বড় আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে সৌ/দি আরবের জনগণ আন্দোলনটা ছিল সরকারবিরোধী জনগণের একটাই দাবি আ/মে/রি/কা ঘাঁ/টি সৌ/দি আরবে থাকতে পারবেনা যদি সৌ/দি আরব আ/মে/রি/কা ঘাঁ/টি থাকে তাহলে সরকারের পদত্যাগ করতে হবে এজন্য এত বড় আন্দোলন নিয়ে রাস্তায় নেমেছে সৌ/দি আরবে জনগণ ধন্যবাদ জানাই সৌ/দি আরবের জনগণকে এরক একটি কাজ করার জন্য।” (বানান অপরিবর্তিত)
পোস্টটি এ পর্যন্ত হাজার খানেক বারের বেশি শেয়ার হয়েছে, প্রায় দুই হাজার প্রতিক্রিয়া দেখানো হয়েছে। মন্তব্যে একজন লিখেছেন, “আলহামদুলিল্লাহ পা চাটা বাদশাহ খেদাও আন্দোলনের মাধ্যমে আছি আপনাদের সাথে এগিয়ে যাও আল্লাহ আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ।” আরেক ব্যবহারকারীও একমত প্রকাশ করে লিখেছেন, “সৌদি বাদশাহী খেদাও আন্দোলন জোরদার হোক।”
পর্যবেক্ষণে ছড়িয়ে পড়া ছবিতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো দেখতে ছবি কিংবা লাল ক্রস চিহ্নগুলো কাগজের ওপর এমনভাবে বসানো যা অবাস্তব। কাগজগুলো মানুষের হাতে সামান্য বাঁকা বা ভাঁজ হয়ে থাকলেও লাল দাগগুলো একদম সোজা ও সমান্তরাল রয়ে গেছে, যা বাস্তবে অসম্ভব। বাম দিকে সাদা প্ল্যাকার্ডে যে লেখাগুলো দেখা যাচ্ছে, সেগুলো কোনো অর্থপূর্ণ আরবি শব্দ নয়। পেছনের বাম দিকের বিল্ডিংগুলোর সাইনবোর্ডের লেখাগুলোও সম্পূর্ণ অস্পষ্ট এবং বিকৃত। সবুজ পতাকায় থাকা আরবির ক্যালিগ্রাফির (শাহাদাহ) কিছু অংশও অস্পষ্ট। একাধিক ব্যক্তির চেহারায় অস্বাভাবিক মিল লক্ষ্য করা যায়। তাছাড়া, তাদের দাঁড়ানোর সারিটিও জ্যামিতিক।

এসবই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবির বৈশিষ্ট্য। ছবিটি একাধিক এআই কনটেন্ট শনাক্তকরণ টুল যেমন হাইভ মডারেশন (৯৯.৯৯%), এআই অর নট (৯৯%) দিয়ে যাচাই করে দেখা গেছে, এই ছবিটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ।

একই ফেসবুক প্রোফাইল থেকে এআই নির্মিত ছবি পোস্ট করার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। প্রোফাইলটি থেকে একই দাবিতে একাধিক (১, ২) এআই নির্মিত ছবি পোস্ট করা হয়েছে। তাছাড়া, মার্কিন সামরিক ঘাঁটি সরানোর দাবিতে সৌদি আরবে এরূপ সরকারবিরোধী আন্দোলনের কোনো সংবাদ প্রতিবেদন গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, সৌদি আরবে সরকারবিরোধী আন্দোলনের দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে বানানো।