নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক সৌদি আরবে বাংলাদেশিদের মৃত্যু, পুরোনো ভিডিও

পুরোনো ভিডিওকে সৌদিতে সাম্প্রতিক সোফা কারখানায় আগুনের ঘটনা বলে প্রচার

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সৌদি আরবের রিয়াদে সম্প্রতি একটি সোফা কারখানায় আগুন লেগে ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের মার্চে সৌদি আরবের দাম্মাম নগরীতে অবস্থিত একটি লোহার কারখানায় আগুন লাগার দৃশ্য।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১০ আগস্ট একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “আহারে জীবন, সৌদি আরবে আ’গুনে পু’ড়ে ১৭ জন বাংলাদেশির মৃ-ত্যু।” ২৪ সেকেন্ডের ভিডিওটিতে একাধিক হলুদ ট্রাক এবং আগুন জ্বলতে দেখা যায়। এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ভিডিওটি ১ লক্ষ ১৮ হাজার বারের বেশি দেখা হয়েছে। শেয়ার করা হয়েছে ৫৮১ বার।

ফেসবুকের একাধিক (,,,,) ব্যক্তিগত প্রোফাইল, গ্রুপ এবং পেজ থেকে একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইউটিউবেও একই শিরোনামে একাধিক (,,,,) চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করতে দেখা যায়। 

ফ্যাক্টচেক সৌদি আরবে বাংলাদেশিদের মৃত্যু, পুরোনো ভিডিও
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

অনুসন্ধানে ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখলে, সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম আল-ইত্তিহাদের ২০২৩ সালের ৪ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এ প্রতিবেদনের শিরোনাম অনুবাদ করলে দাঁড়ায়, “সৌদি আরবে আরেকটি প্রধান স্থাপনাকে গ্রাস করেছে ভয়াবহ অগ্নিকাণ্ড।” প্রতিবেদনে বলা হয়, “সৌদির পূর্বাঞ্চলের দাম্মাম শিল্প নগরীর একটি স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এবং শুক্রবার সন্ধ্যা থেকে সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি টিম আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।” এ প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর একাধিক দৃশ্যের হুবহু মিল রয়েছে। 

এ ছাড়া একাধিক (,,,) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রতিবেদন পাওয়া যায়, যেখানে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্য দেখা যায়। 

ফ্যাক্টচেক সৌদি আরবে বাংলাদেশিদের মৃত্যু, পুরোনো ভিডিও
প্রকৃত ঘটনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, ২০২৩ সালে সৌদি আরবের দাম্মাম শিল্প নগরীতে অবস্থিত একটি লোহার কারখানায় আগুন লাগার দৃশ্য প্রচারিত হচ্ছে সাম্প্রতিক সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় আগুনের ঘটনা হিসেবে।

উল্লেখ্য, গত ৯ আগস্ট স্থানীয় সময় দুপুর ২টার দিকে সৌদি আরবের রিয়াদের আল-শিফা থানার আওতাধীন মুসা শিল্প এলাকার একটি সোফা কারখানায় আগুন লাগে। এতে ঘটনাস্থলেই ১৬ জন বাংলাদেশি প্রাণ হারান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মৃত ব্যক্তিরা বাংলাদেশের নওগাঁ, নাটোর এবং রাজশাহীর বাসিন্দা ছিলেন।

আরো কিছু লেখা