ধানমন্ডিতে অস্ত্রসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে দাবিতে একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিটি গত ৮ জুন নোয়াখালীতে আবদুর রহমান ওরফে রাহিম নামের এক তরুণকে অস্ত্রসহ আটক করার দৃশ্য।
ফেসবুকে “সাপোর্টারস অব বাংলাদেশ আওয়ামী লীগ” নামের একটি গ্রুপ থেকে গত ৩ আগস্ট একটি ছবি পোস্ট করে ক্যাপশনের এক অংশে লেখা হয়, “রাজধানীর ধানমন্ডিতে জঙ্গি এনসিপির সারজিস আলমের ছোট ভাই অস্ত্রসহ গ্রেফতার হয়েছে ! ! “সার্ভিস মলম” দৌড়ে গেলো থানায় ! ! ! জুলাই আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের সরকারী অস্ত্রসহ তাকে আটক করা হয়।” ছবিটিতে দেখা যায়, সাদা গেঞ্জি পরিহিত এক ব্যক্তির কোমড়ে অস্ত্র গোঁজা। ব্যক্তিটিকে ঘিরে বেশ কয়েকজন পুলিশ সদস্য দাঁড়ানো। ছবিটির নিচে সার্জিস আলমের একটি ছবিও যুক্ত করে দেওয়া হয়েছে।
ফেসবুকের একাধিক (১, ২, ৩, ৪, ৫) গ্রুপ এবং ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়।

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে প্রথম আলোর গত ৮ জুনে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। এ প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে ছড়িয়ে পড়া ছবিটির মিল রয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, “নোয়াখালীর বেগমগঞ্জ থানা পুলিশের চেকপোস্টে তিনটি পিস্তলসহ ধরা পড়া আবদুর রহমান ওরফে রাহিম। আজ সন্ধ্যায় গোপালপুর-বাংলাবাজার সড়কের বাইতুল নূর জামে মসজিদের সামনে।” প্রতিবেদনে আরো বলা হয়, “নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে আবদুর রহমান ওরফে রাহিম (২১) নামের এক তরুণকে আটক করা হয়েছে। এ সময় তাঁর কোমরে গুঁজে রাখা অবস্থা থেকে তিনটি বিদেশি পিস্তল, আটটি গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আজ সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গোপালপুর-বাংলাবাজার সড়কের বায়তুন নূর জামে মসজিদের সামনে স্থাপিত একটি পুলিশ চেকপোস্টে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক রাহিম উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিনের ছেলে। আটকের পর তাঁকে বেগমগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
একাধিক (১, ২, ৩, ৪) গণমাধ্যমেও ছবিটির ব্যক্তিকে আবদুর রাহিম এবং ঘটনাটিকে নোয়াখালীর ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, অনলাইনে পাওয়া তথ্য অনুযায়ী, সারজিস আলমের ছোটো ভাইয়ের নাম সাহাদাত হোসেন সাকিব। একাধিক (১, ২, ৩) গণমাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। এছাড়াও ফেসবুকে তার ভেরিফায়েড প্রোফাইল রয়েছে।
অর্থাৎ, সারজিস আলমের ছোট ভাই ধানমন্ডি থেকে গ্রেপ্তারের দাবিতে ভিন্ন স্থান এবং ঘটনার ছবি প্রচারিত হচ্ছে।

