মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক শেখ হাসিনার পক্ষে নয়, তার বিরুদ্ধেই স্লোগান দিয়েছিলেন রিকশাচালকেরা

শেখ হাসিনার পক্ষে নয়, তার বিরুদ্ধেই স্লোগান দিয়েছিলেন রিকশাচালকেরা

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রিকশাচালকরা জেগে উঠেছে, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওর দৃশ্যটি ২০২৪ সালের ৩ আগস্টের। সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারবিরোধী আন্দোলনের পক্ষে ও শেখ হাসিনার জবাব চেয়ে স্লোগান দিয়েছিলেন।

ফেসবুকে একটি পেজ থেকে গত ১২ জুন ১১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য রিক্সা শ্রমিক ভাইরা জেগে উঠেছে, তাদের জন্য সবাই সহযোগিতা কামনা করছি”। ভিডিওতে রিকশাচালকদের একাধিক স্লোগান দিতে দেখা যায়, প্রথমে শোনা যায়, “জেগেছে রে জেগেছে, রিকশাওয়ালা জেগেছে।”

তবে বাকি অংশের স্লোগানগুলো পোস্টের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় – “আমার ভাইয়ের বুকে গুলি কেন, শেখ হাসিনা জবাব দে”, “আমার বোনের বুকে গুলি কেন, শেখ হাসিনা জবাব দে।” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ১ লাখ ৩৫ হাজারের বেশি বার দেখা হয়েছে। শেয়ার করা হয়েছে দুই হাজারের বেশি বার। মন্তব্যে একজন লিখেছেন, “এভাবে বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষের আন্দোলন শুরু হবে আস্তে আস্তে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”

ফ্যাক্টচেক শেখ হাসিনার পক্ষে নয়, তার বিরুদ্ধেই স্লোগান দিয়েছিলেন রিকশাচালকেরা
শেখ হাসিনার পক্ষে রিকশাচালকদের স্লোগান দেওয়ার দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১১ জুলাই একই ভিডিও পোস্ট করে লেখা হয়, “মাননীয় প্রধানমন্ত্রীর জন্য রিক্সা শ্রমিক ভাইরা জেগে উঠেছে ইনশাআল্লাহ ৬৪ জেলা থেকে জেগে উঠবে শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি প্রায় চার হাজার বার দেখা হয়েছে এবং প্রায় একশ বার শেয়ার করা হয়েছে।

অনুসন্ধানে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাব ফেসবুকে একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে একই ভিডিও খুঁজে পায়। ২০২৪ সালের ৩ আগস্ট প্রকাশিত এই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্য পুরোপুরি মিলে যায়। এই ভিডিওতে শেখ হাসিনার পক্ষে কোনো স্লোগান দিতে দেখা যায়নি।

২০২৪ সালের ৩ আগস্ট প্রকাশিত ফেসবুক ভিডিওর স্ক্রিনশট।

বিস্তারিত অনুসন্ধানে দীপ্ত নিউজ ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩ আগস্ট প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। যার শিরোনাম ছিল, “রিকশাচালকদের স্লোগানে মুখরিত শহীদ মিনার চত্বর।” ভিডিওটির দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর রিকশাচালকদের পোশাক ও অন্যান্য দৃশ্য মিলে যায়।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন (,,,) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।

ফ্যাক্টচেক শেখ হাসিনার পক্ষে নয়, তার বিরুদ্ধেই স্লোগান দিয়েছিলেন রিকশাচালকেরা
একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট।

দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে লেখা, “শহীদ মিনারের পাশে বেশ কিছু রিকশা নিয়ে অবস্থান করছেন চালকেরা। নিজের রিকশার ওপর বসেই তাঁরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।” জাগো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, “শহীদ মিনার এলাকায় চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে রিকশা থামিয়ে মিছিল করছেন রিকশাচালকরাও৷ এসময় রিকশাচালকরা সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন৷”

অর্থাৎ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রিকশাচালকদের স্লোগানের দাবিতে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর। এটি মূলত ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের সময় শহীদ মিনারের সামনে রিকশাচালকদের সরকারবিরোধী স্লোগান দেওয়ার দৃশ্য।

আরো কিছু লেখা