মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
factcheck protest demanding akhtaruzzaman release

এই ভিডিও আখতারুজ্জামানের মুক্তির দাবিতে মিছিলের নয়

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

জামায়াতের নেতা আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, যে ভিডিওটি ছড়ানো হয়েছে সেটি পুরোনো। গত ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট সংসদ অভিমুখে পদযাত্রা এবং স্পিকারের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচির আয়োজন করেছিল। ওই কর্মসূচির দৃশ্য ছড়ানো হয়েছে আখতারুজ্জামানের মুক্তির দাবিতে।

ফেসবুকের ‘Mukto Diary“মুক্ত ডায়েরি”’ নামের একটি পেজ থেকে গত ৪ অক্টোবর ১৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল। আখতারুজ্জামানের মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে মানুষের ব্যাপক উপস্থিতি। মিছিলজুড়ে ছিল মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান। বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।”

ভিডিওতে একটি মিছিলে অংশগ্রহণকারীদের ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এগিয়ে যেতে দেখা যায়। ওই সময় মিছিলে “ঘেরাও ঘেরাও, ঘেরাও হবে; সংসদ ভবন, ঘেরাও হবে” স্লোগান দিতে শোনা যায়। প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ১৪ হাজার বার দেখা হয়েছে এবং শতাধিকবার শেয়ার করা হয়েছে।

ফেসবুকের একাধিক প্রোফাইল ও পেজ (১, ২) থেকে ভিডিওটি পোস্ট হতে দেখা গেছে।

অনুসন্ধানে ভিডিওটি থেকে কিফ্রেম নিয়ে সার্চ করলে ‘Discover বাংলা’ নামের ফেসবুক পেজে গত ৩০ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ‘‘‘সংসদ ভবন ঘেরাও হবে’ স্লোগানে সংসদ ভবন অভিমুখে জামায়াত জোট” শিরোনামে প্রকাশিত ৩০ সেকেন্ডের ওই ভিডিওর শুরু থেকে ১৬ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও হুবহু মিলে যায়। এছাড়া ছড়িয়ে পড়া ভিডিওর স্লোগানও প্রতিবেদনটির অডিওর সঙ্গে মিলে যায়।

এই ঘটনায় একাধিক সংবাদমাধ্যমে প্রতিবেদন (১, ২, ৩, ৪) প্রকাশিত হয়েছে। গত ৩০ আগস্ট ‘আমার দেশ’-এর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “গুম প্রতিরোধে কার্যকর আইন প্রণয়নসহ ১৪ দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকারের কাছে স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শেষে স্মারকলিপি প্রদান করা হয়। এই কর্মসূচিতে সমর্থন দিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।”

‘Discover বাংলা’ নামের ফেসবুক পেজ ও ‘আমার দেশ’-এর অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে সংসদ অভিমুখে জামায়াত নেতৃত্বাধীন জোটের পদযাত্রার পুরোনো ভিডিওকে সম্প্রতি জামায়াত নেতা আখতারুজ্জামানের মুক্তির দাবির মিছিল বলে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা