মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
President's Remarks On Oil Prices

তেলের দাম নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যটি ২০২২ সালের

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভিডিও ছড়িয়েছে। দাবি করা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বিএনপি কেন লিটারে ২০ টাকা দাম বাড়াল তার ব্যাখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি চার বছরেরও বেশি আগের। তখন ক্ষমতায় ছিল কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ।

গত ২৩ সেপ্টেম্বর ফেসবুকে ‘ভার্চুয়াল বাবা’ নামের একটি পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। পোস্টের বর্ণনায় লেখা ছিল, “বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও বিএনপি কেন লিটারে ২০ টাকা বাড়ালো তার ব্যাখ্যা দিলেন মাননীয় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।” আর ভিডিওর ভেতরে লেখা, “আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার দিনে দেশে লিটারে ২০ টাকা বাড়ালো বিএনপি।”

ফেসবুক পোস্টে বিভ্রান্তিকর দাবির স্ক্রিনশট

২০ সেকেন্ডের ভিডিওতে মির্জা ফখরুলকে বলতে শোনা যায়, “আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কমে, তখন এখানে তেলের দাম বাড়ানো হয়। কেন? তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, দুর্নীতি করে সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়…।”

পোস্টে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “ফখরুল সাহেব ফাঁকা বুলি ছেড়ে সত্যি কথা বলা শুরু করেছে 🤣🤣🤣 ”। আরেক ব্যবহারকারী লিখেছেন, “ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি কে।সত্যকে তুলে ধরার জন্য। ”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি শেয়ার হয়েছে আট শতাধিকবার এবং দেখা হয়েছে ৬৮ হাজারের বেশি বার। পোস্টে প্রতিক্রিয়া ছিল ৩ হাজারের বেশি।

ফেসবুকের একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে ভিডিওর বক্তব্যকে সরাসরি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের উদ্ধৃতি আকারে তুলে ধরে একই দাবি করা হয়। 

এ ছাড়া আরও কয়েকটি ফেসবুক পেজ (১, ২) ও প্রোফাইল (১, ২) থেকে একই দাবিতে ভিডিওটি ছড়িয়ে পড়তে দেখা গেছে।

ভিডিওটির সত্যতা যাচাইয়ে এর কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে ২০২২ সালের ৭ আগস্ট চ্যানেল টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেলে আপলোড হওয়া একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম ছিল, “লুটপাটের টাকা হালাল করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: মির্জা ফখরুল | Mirza Fakhrul | BNP।” ১ মিনিট ৩৫ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ভিডিওর ১ মিনিট ৫ সেকেন্ড থেকে ১ মিনিট ১৯ সেকেন্ড অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। 

একই দিন প্রকাশিত যমুনা টিভির ইউটিউব চ্যানেলের একটি প্রতিবেদনেও একই বক্তব্য পাওয়া যায়। এই প্রতিবেদনের শিরোনাম ছিল, “’লুটপাট-দুর্নীতি হালাল করতেই তেলের দাম বাড়িয়েছে সরকার’ | Mirza Fakhrul”। অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক কোনো বক্তব্য নয়, বরং চার বছরেরও বেশি সময় আগের একটি পুরোনো ফুটেজ।

চ্যানেল টুয়েন্টিফোর ও যমুনা টিভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওর স্ক্রিনশট

দৈনিক যুগান্তরের ২০২২ সালের ৮ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মন্তব্য করেন। অর্থাৎ তৎকালীন সরকারের সমালোচনা করে বক্তব্য দিয়েছিলেন তিনি, নিজ দলের কোনো সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে নয়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি আসলে ২০২২ সালের আগস্টে ধারণ করা। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৎকালীন আওয়ামী লীগ সরকারের তেলের মূল্যবৃদ্ধির সমালোচনা করছিলেন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেন-এই চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়।

আরো কিছু লেখা