
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী প্রত্যাবর্তনের জন্য সীমান্তে জড়ো হয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দৃশ্যটি প্রতিমা বিসর্জনের একটি পুরোনো ঘটনার।
গত ৬ মে ‘পূজা শর্মা’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ৫২ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশন অনুবাদ করলে দাঁড়ায়, “ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর এলাকায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ভূমিধস জয়ের পর বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই রাজনৈতিক পরিবর্তনের ফলে সীমান্তবর্তী এলাকাগুলোতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ নতুন প্রশাসন অবৈধ অনুপ্রবেশবিরোধী অভিযান আরও জোরদার করার অঙ্গীকার করেছে। ধরপাকড় ও কঠোর পরিচয় যাচাইয়ের আশঙ্কায় অনেক অনথিভুক্ত ব্যক্তি স্বেচ্ছায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। জানা গেছে, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে সমন্বয় করে এসব প্রত্যাবর্তনে সহায়তা করছে।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৯০ হাজারের বেশি দেখেছেন ব্যবহারকারীরা। রিপোস্ট হয়েছে ৫০০ বারের অধিক।
পূজা শর্মা ছাড়াও একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি একই ধরনের দাবিতে পোস্ট করা হয়েছে (১, ২, ৩)।
সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি কিফ্রেম রিভার্স সার্চ করে ডিসমিসল্যাব। এতে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক মোহাম্মেদ জুবায়েরের এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট সামনে আসে। ২০২৫ সালের ২৫ নভেম্বরে হওয়া পোস্টে একই ভিডিওর একটি স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে জানানো হয়, দৃশ্যটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় কালী প্রতিমা বিসর্জনের।

পোস্টটির ক্যাপশনের একদম শেষে ক্রেডিট দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এক্স অ্যাকাউন্টকে মেনশন করতেও দেখা যায়। পরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিলে পশ্চিমবঙ্গ পুলিশের এক্স অ্যাকাউন্টে ভিডিওর প্রেক্ষাপট জানিয়ে ২০২৫ সালের ২৫ নভেম্বরে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। মূলত, ২০২৫ সালের নভেম্বরে একই ভিডিও মিথ্যা দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত হলে, আসল ঘটনা জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছিল। তখনো বাংলাদেশকে জড়িয়ে প্রচারিত হয়েছিল ভিডিওটি, যেখানে দাবি করা হচ্ছিল, এসআইআর (ভারতে ভোটার হালনাগাদের একটি কার্যক্রম) শুরু হওয়ার পর দেশে ফিরে যেতে সীমান্তে ভিড় জমাচ্ছে বাংলাদেশের অভিবাসীরা।

পরে পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে জানায়, “ভুল তথ্য ছড়িয়ে একটি ভিডিও/ছবি প্রচার করা হচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মুরুটিয়া থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্তসংলগ্ন ফুঙ্কোটালা গ্রামের শ্যামা/কালী প্রতিমা মাথাভাঙা নদীতে বিসর্জনের দৃশ্যকে এসআইআর-এর কারণে অবৈধ অভিবাসীদের গণহারে রাজ্য ছাড়ার ঘটনা বলে দাবি করা হচ্ছে। এই দাবি সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। অনুগ্রহ করে এ ধরনের ভুয়া ভিডিও/ছবি ও উসকানিমূলক বার্তা শেয়ার করবেন না (অনুবাদকৃত)।”
অর্থাৎ, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বিপুল সংখ্যক বাংলাদেশি অভিবাসী প্রত্যাবর্তনের জন্য সীমান্তে জড়ো হয়েছে— এমন দাবিতে প্রচারিত ভিডিওটি ভারতের নদীয়া জেলায় কালি প্রতিমা বিসর্জনের একটি পুরোনো ঘটনার।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় লাভ করা পর, ফ্যাক্টচেক হওয়া ভিডিও পুনরায় কাছাকাছি দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।