নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক, আওয়ামী লীগ পুলিশ মুখোমুখি পুরোনো ভিডিও

ধর্মঘটে বটবৃক্ষের মতো সড়কে দাঁড়িয়ে আওয়ামী লীগ- দাবির ভিডিওটি পুরোনো

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে বটবৃক্ষের মতো সড়কে দাঁড়িয়ে আছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এবং বলা হচ্ছে, পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীরা মুখোমুখি অবস্থান নিয়েছেন। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি পুরোনো। সামাজিক মাধ্যমে গত ৩ নভেম্বরও ভিডিওটি প্রকাশিত হতে দেখা গেছে। সে পোস্টে ঘটনাটি সাভারের হেমায়েতপুরে পোশাক শ্রমিক আন্দোলনের বলে দাবি করা হয়েছে।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১০ নভেম্বর একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “বাংলাদেশে পুলিশ ও আওয়ামী মুখোমুখি আওয়ামীলীগ বটবৃক্ষের মত সড়কে দাঁড়িয়ে আছে। সফল সফল ধর্মঘট।” ফেসবুকের একাধিক (১, ২, ৩, ৪, ৫) ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যায়, সড়কের একদিকে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছেন, এবং অন্যদিকে বহু মানুষের একটি জটলা।

ফ্যাক্টচেক, আওয়ামী লীগ পুলিশ মুখোমুখি পুরোনো ভিডিও
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে ইউটিউবে “কাউসার গ্রিন ফার্ম” নামের একটি চ্যানেলে গত ৩ নভেম্বরে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির শিরোনাম ছিল, “গার্মেন্টস শ্রমিক আন্দোলন সাভার হেমায়েতপুর।” এ ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। ভিডিওতে থাকা বিলবোর্ড, পথচারী সেতুর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্য মিলে যায়। তবে ছড়িয়ে পড়া ভিডিওতে স্লোগান শোনা গেলেও পূর্বে প্রকাশিত ভিডিওতে তা নেই।

ফ্যাক্টচেক, আওয়ামী লীগ পুলিশ মুখোমুখি পুরোনো ভিডিও
৩ নভেম্বরে প্রকাশিত ইউটিউব ভিডিওর স্ক্রিনশট।

অর্থাৎ, ধর্মঘটের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো। অন্তত ৩ নভেম্বর থেকে ভিডিওটি সামাজিক মাধ্যমে পাওয়া যাচ্ছে। 

প্রসঙ্গত, ১০ নভেম্বর দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

আরো কিছু লেখা