ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগ করার কারণে এক দম্পতিকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে জানা যায়, প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের বিহারের। একাধিক সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ডিসেম্বরে “অবৈধ সম্পর্কের” রাজ্যের বালুয়া বাজার এলাকায় দুইজনকে মারধরের দৃশ্য এটি।
ফেসবুকে “সংগ্রামী জনতা” নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১৬ নভেম্বর ভিডিওটি (আর্কাইভ লিংক) পোস্ট করা হয়। ৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একজন নারী এবং এক পুরুষকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এক ব্যক্তি লাঠি সদৃশ বস্তু দিয়ে ওই নারীকে আঘাত করছে। ব্যাকগ্রাউন্ডে একটি বাংলা গানের অডিও এবং নারীর চিৎকার শোনা যাচ্ছে। ক্যাপশনে পোস্টদাতা লিখেছেন, “আওয়ামীলীগ করার অপরাধে স্বামী-স্ত্রীকে গাছের সাথে বেঁধে। অমানবিক নির্যাতন চালাচ্ছে ২৪ এর নব্য রাজাকার আর বিএনপি জামাত (লেখা অপরিবর্তিত)।”
এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ১৩ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং ২৩৫ বার শেয়ার করা হয়েছে। ভিডিওতে প্রতিক্রিয়া জানানো হয়েছে প্রায় তিনশবার।
সত্যতা যাচাইয়ে একাধিক কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চে ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টিভি’তে ২০২৫ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রতিবেদনের ভেতরে মূল ঘটনার ২৯ সেকেন্ডের একটি ভিডিও যুক্ত করা হয়েছে। ভিডিওর দৃশ্যপট, মারধরের শিকার ব্যক্তি, আশেপাশের লোকজন ইত্যাদির সাথে প্রচারিত ভিডিওর সাদৃশ্য রয়েছে। প্রতিবেদনের শিরোনাম বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “একজন মোলভীকে এক বিবাহিত নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে গ্রামবাসী একটি গাছের সঙ্গে বেঁধে নির্মমভাবে মারধর করে।” প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের বিহারের সুপৌল জেলায় ঘটেছে।
অধিকতর যাচাইয়ে কিওয়ার্ড সার্চে গত বছরের ৯ ডিসেম্বর ভারতের একাধিক গণমাধ্যমে এ ঘটনায় একাধিক (১, ২, ৩) প্রতিবেদন প্রকাশিত হতে দেখা যায়। এসব প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৭ ডিসেম্বর জেলার বালুয়া বাজার থানার অন্তর্গত তুলসীপট্টি গ্রামের এক মৌলভিকে বিবাহিত এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে গ্রামবাসী গাছে বেঁধে মারধর করেছিল।

অর্থাৎ, আওয়ামী লীগের রাজনীতি করার কারণে দম্পতিকে গাছে বেঁধে মারধরের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি ভুয়া। প্রকৃতপক্ষে ভিডিওটি ভারতের বিহারের পুরোনো একটি ঘটনার।
ইতঃপূর্বে, ভারতের দৃশ্যকে বাংলাদেশের ঘটনার দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ডিসমিসল্যাব।

