নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক, বৃদ্ধকে নির্যাতন, ভারতীয় কনটেন্ট সাজানো ভিডিও

ভারতে হিন্দু চরমপন্থীদের হাতে বৃদ্ধ নির্যাতনের দাবিতে ছড়াচ্ছে কনটেন্ট ক্রিয়েটরের ভিডিও

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে ভারতে এক বৃদ্ধকে হিন্দু চরমপন্থীরা নির্যাতন করছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায় প্রচারিত দাবিটি ভুয়া। মূল ভিডিওটি গত বছরের ১৫ ডিসেম্বরে একজন ভারতীয় কনটেন্ট নির্মাতার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ছিল সাজানো এবং ওই কনটেন্ট নির্মাতা প্রায়ই এ ধরনের ভিডিওতে অভিনয় করে সামাজিক মাধ্যমে প্রচার করেন।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১৬ অক্টোবর “ভারতে শতায়ু বৃদ্ধকে নির্মম নির্যাতন করছে হিন্দু চরমপন্থীরা।” ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়। ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিন ব্যক্তি হাত দিয়ে চালানো তিন চাকার একটি যানে বসে থাকা এক বৃদ্ধকে যানটি উল্টে মাটিতে ফেলে দিচ্ছেন। 

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৮ হাজার ৯০০ বারের বেশি দেখা হয়েছে। ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইলে (১, ২, ৩, ৪, ৫) একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।

ফ্যাক্টচেক, বৃদ্ধকে নির্যাতন, ভারতীয় কনটেন্ট সাজানো ভিডিও
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ঘটনার সত্যতা যাচাইয়ে ভিডিওর বিভিন্ন কিফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে “মুকলেসুর ভাইজান ২.০” নামের একটি ইউটিউব চ্যানেল থেকে গত বছরের ১৫ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও। ২০ সেকেন্ডের ভিডিওটির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও হুবহু মিলে যায়।

ফ্যাক্টচেক, বৃদ্ধকে নির্যাতন, ভারতীয় কনটেন্ট সাজানো ভিডিও
ইউটিউব চ্যানেলে প্রকাশিত মূল ভিডিওর স্ক্রিনশট।

ইউটিউব চ্যানেলটি পর্যালোচনা করে দেখা যায়, ভারতের বীরভূমে মুকলেসুর আলি নামের একজন কনটেন্ট নির্মাতা এ চ্যানেলটি পরিচালনা করছেন। ২০২৫ সালের মে মাসে চ্যানেলটি চালু করা হয়েছে। চ্যানেলটির বিবরণে বলা হয়েছে, ভিডিওগুলো বিনোদনের উদ্দেশ্যে তৈরি। চ্যানেলটি পর্যালোচনা করে দেখা যায়, কনটেন্ট নির্মাতা প্রায়ই এ ধরনের ভিডিও প্রকাশ করেন। অন্য একাধিক (১, ২) ভিডিওতেও ওই বৃদ্ধকে অভিনয় করতে দেখা যায়।

ফ্যাক্টচেক, বৃদ্ধকে নির্যাতন, ভারতীয় কনটেন্ট সাজানো ভিডিও
ভারতভিত্তিক কনটেন্ট নির্মাতা মুকলেসুর আলির ইউটিউব চ্যানেলের বিবরণ।

একই ভিডিও নিয়ে নিউজচেকার বাংলার একটি প্রতিবেদনেও এটিকে একজন কনটেন্ট নির্মাতার তৈরি সাজানো ভিডিও হিসেবে উল্লেখ করা হয়েছে।

এর আগেও কনটেন্ট ক্রিয়েটরদের সাজানো ভিডিও নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে ডিসমিসল্যাব। 

অর্থাৎ, হিন্দু চরমপন্থীদের হাতে বৃদ্ধ নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো। এটি ভারতীয় এক কনটেন্ট নির্মাতার তৈরি ভিডিও।

আরো কিছু লেখা