
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল বলে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। কখনো দাবি করা হচ্ছে, এই মুহূর্তে ঢাকা শহরের পল্টন ময়দান কানায় কানায় পূর্ণ করে ফেলেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আবার কখনো বলা হচ্ছে, আজই পিরোজপুর জেলা ছাত্রলীগ প্রতিবাদ মিছিল বের করেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, প্রচারিত এসব ভিডিও পুরোনো।

গত ১২ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগ নামের এক ফেসবুক প্রোফাইল থেকে ৩০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “এই মুহূর্তে ঢাকা শহরের পল্টন ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের দাঁড়ায় এরা বঙ্গবন্ধু সৈনিক এদেরকে নিষিদ্ধ করেও দেখানো যাবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধ।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি দেড় লাখের বেশিবার দেখা হয়েছে। শেয়ার হয়েছে প্রায় দেড় হাজার বার।
ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় ব্যানার হাতে একদল ব্যক্তি মিছিল নিয়ে এগিয়ে আসছে। স্লোগানে শোনা যাচ্ছে, “জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়”, “শিবির পাব যেখানে, লড়াই হবে সেখানে”, “বিএনপি এর আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও”। ব্যানারে লেখা, “দেশব্যাপী দেশ বিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে” বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। ব্যানারে এক ব্যক্তির নাম উল্লেখ করে লেখা— ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দীন।
একই ফেসবুক প্রোফাইল থেকে গত ১১ এপ্রিল শেয়ার করা হয় ১৯ সেকেন্ডের আরেকটি ভিডিও। এতে একইভাবে ব্যানার সামনে মিছিল করতে দেখা যায় একদল লোককে। স্লোগানে শোনা যায়, “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”। ক্যাপশনে লেখা, “জয় বাংলা জয় বঙ্গবন্ধু। পিরোজপুর জেলা ছাত্রলীগ প্রতিবাদ মিছিল বের করেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু।” ব্যানারে লেখা, “পিরোজপুর জেলা ছাত্রলীগ”। মিছিলের ব্যানারে সাইমুন ইসলাম সাকিব নামে এক ব্যক্তির নাম দেখা যায়। ভিডিওটি এ পর্যন্ত প্রায় ৫০ হাজারের বেশিবার দেখা হয়েছে। শেয়ার হয়েছে হাজার খানেক বার।
প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ব্যানারে উল্লিখিত ব্যক্তিদের নামে ফেসবুক প্রোফাইল খুঁজে পাওয়া যায়। দেখা যায়, আবু মোহাম্মদ মহিউদ্দীন নামের প্রোফাইলে গত ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। জানা যায়, তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের একজন নেতা। এ ছাড়াও ভিন্ন আরেকটি পোস্টে সেই ঘটনার একাধিক ছবিও পাওয়া যায়। এসব পোস্টের ক্যাপশনে লেখা, “দেশব্যাপী বি.এন.পি-জামাত ও দেশবিরোধী অপশক্তির নৈরাজ্য,সন্ত্রাস, বিশৃঙ্খলা ও পুলিশের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হয়।”

এছাড়া, একুশে পত্রিকা নামে এক সংবাদমাধ্যমও তাদের প্রতিবেদনে একই তথ্য দেয়। প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি থেকে যুবলীগ নেতা আবু মোহাম্মদ মহিউদ্দীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

কিওয়ার্ড সার্চে সাইমুন ইসলাম সাকিব নামেও একটি ফেসবুক প্রোফাইল পাওয়া যায়। জানা যায়, তিনি পিরোজপুর পৌর শাখা ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তার প্রোফাইলে ২০২৪ সালের ১৫ জুলাই হুবহু একই ভিডিও পোস্ট হতে দেখা যায়। ভিডিওতে দৃশ্যমান ব্যক্তি, তাদের পোশাক, ব্যানার সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে পুরোপুরি মিলে যায়।

অর্থাৎ, সম্প্রতি আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল দাবিতে ছড়িয়ে পড়া ভিডিও দুইটি যথাক্রমে সাড়ে তিন বছর ও দেড় বছরের বেশি পুরোনো।
প্রসঙ্গত, এর আগেও একই প্রোফাইল থেকে পুরোনো মিছিলের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে ছড়াতে দেখা গেছে। আর এ নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করেছে ডিসমিসল্যাব।