বিদ্যুতের দাম বাড়ানোর কারণে সরকারকে ‘চোর-ডাকাত-নির্লজ্জ’ বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি বিভ্রান্তিকর। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নুরুল হকের দেওয়া বক্তব্যটি ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের সময়কার।
ফেসবুকের “ভিপি সাদিক কায়েম” নামের গ্রুপে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৭ সেপ্টেম্বর ১৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “বিদ্যুতের দাম বাড়ানোর কারণে সরকারকে চো’র ডা*কাত নির্লজ্জ বললেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর।” ভিডিওতে নুরকে বলতে শোনা যায়, “বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি ১২% দাম বাড়িয়ে দিয়েছে। এই সরকার যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নিলর্জ্জ সরকার, সেটা কি আর নতুন করে বলার অবকাশ আছে?” ভিডিওতে তাকে কালো পাঞ্জাবি পরিহিত অবস্থায় বক্তব্য দিতে দেখা যায়। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত ভিডিওটি প্রায় ১৮ হাজার বার দেখা হয়েছে এবং অন্তত ৪৮০ বার শেয়ার হয়েছে।
গত ৩ আগস্ট ফেসবুকের আরেকটি প্রোফাইল থেকে ভিন্ন কোণ থেকে ধারণ করা একই বক্তব্যের একটি ভিডিও পোস্ট করে একই দাবি করা হয়। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সেটি ১৭ হাজার বার দেখা হয়েছে এবং শতাধিক বার শেয়ার করা হয়েছে।
অনুসন্ধানে ভিডিওটি থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে এসএ টিভির ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। “সরকার বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে : নুরুল হক নুর” শীর্ষক ১ মিনিট ৪১ সেকেন্ডের ওই ভিডিওটির ৫৮ সেকেন্ড পরবর্তী অংশের দৃশ্যের সঙ্গে প্রচারিত ভিডিওর নুরের বক্তব্য, তার কালো পোশাক ও পারিপার্শ্বিক দৃশ্যের মিল পাওয়া যায়।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন (১, ২, ৩) পাওয়া যায়। ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি যুগান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে গণঅধিকার পরিষদ। একই দিন বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সমাবেশে গণঅধিকার পরিষদের তৎকালীন সদস্য সচিব নুরুল হক নুর বলেন, “সরকার জানুয়ারি মাসে দুইবার বিদ্যুতের দাম বাড়িয়েছে, একবার গ্যাসের দাম বাড়িয়েছে। আওয়ামী লীগ এই জাতিকে একটা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত করেছে।”
অর্থাৎ, বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরকারকে সমালোচনা করা নুরুল হক নুরের ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। ২০২৩ সালের পুরোনো একটি ভিডিও সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।

