সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
Kashmir old flood footage falsely shared as Nepal's current flood

নেপালের বন্যার দৃশ্য দাবিতে জম্মু-কাশ্মীরের পুরোনো ভিডিও প্রচার

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, নেপালে সম্প্রতি হওয়া আকস্মিক বন্যায় মানুষসহ একটি ভবন পানির স্রোতে ভেসে গেছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, প্রচারিত ভিডিওটি নেপালের সাম্প্রতিক বন্যার নয়। এটি চলতি বছরের জুলাই মাসে ভারতের জম্মু-কাশ্মীরের একটি ঘটনার দৃশ্য।

ফেসবুকে “নিউজ বক্স” নামের একটি অনলাইন পোর্টাল থেকে গত ২৭ আগস্ট ভিডিওটি পোস্ট করা হয়। ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, ভবনের একটি জায়গায় অনেক মানুষ জড়ো হয়ে রয়েছে। নিচে প্রবল বেগে স্রোত প্রবাহিত হচ্ছে। মুহূর্তের মধ্যে মানুষসহ পুরো ভবনটি ধসে পানিতে তলিয়ে গেল। অপরপাশ থেকে পুরো দৃশ্যটি একদল মানুষ দেখছে এবং ঘটনার ভিডিও ধারণ করছে। ক্যাপশনে লেখা, “নেপালে ভয়াবহ বন্যা, চোখের পলকে মানুষসহ তলিয়ে গেল পুরো ভবন।”

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৪ লাখ ৭৮ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং ১ হাজার ৪০০ এর অধিক শেয়ার করা হয়েছে। ১০ হাজারের অধিক ব্যবহারকারী পোস্টে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

Viral flood video misrepresented as Nepal footage.
ভুয়া দাবিতে প্রচারিত একাধিক ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল, পেজ এবং গ্রুপ (, , , , , ) থেকে ভিডিওটি পোস্ট করে সেটিকে নেপালের বন্যার দৃশ্য বলে উল্লেখ করা হয়।

অনুসন্ধানে ডিসমিসল্যাব ভিডিওটির বিভিন্ন কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে দেখে। এতে গত ২২ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন উর্দু’র (News18 Urdu) ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। ওই প্রতিবেদনের প্রথম ২৮ সেকেন্ডের বন্যার দৃশ্যের সঙ্গে ছড়ানো ভিডিওর হুবহু সাদৃশ্য পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “বিরওয়াহ বন্যা, ১ জনের মৃত্যু, বন্যায় দোকান ও ভবন ভেসে গেছে | বুদগাম বন্যা, কাশ্মীরের আবহাওয়া…।” প্রতিবেদন থেকে জানা যায়, মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় উঁচু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় বিরওয়াহ ও তার পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হয়। বিরওয়াহে বন্যায় সুখনাগ নদীর বাঁধের কাছে নির্মিত একটি ভবনের ডজনখানেক দোকান উপচে পড়া বন্যার পানিতে ধসে পড়ে এবং স্রোতে ভেসে যায় ।

Viral flood video misrepresented as Nepal footage.
প্রকৃত ঘটনা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ এইটিন উর্দু’তে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত প্রতিবেদন (, , , ) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, ভারী বৃষ্টিপাতে জম্মু ও কাশ্মীরে সৃষ্ট আকস্মিক বন্যায় বাড়িঘর, বাজার, সড়ক ও সরকারি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুদগামের বিরওয়াহ এলাকায় সুখনাগ নদীর পানি উপচে একটি শপিং কমপ্লেক্সের ধসে পড়ে। এই ঘটনায় প্রায় ২৪টি দোকান ভেসে গেছে, যা স্থানীয় ব্যবসায়ীদের চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

Viral flood video misrepresented as Nepal footage.
জম্মু-কাশ্মীরের বন্যার ঘটনা নিয়ে বিস্তারিত জানিয়ে প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, নেপালের দৃশ্য বলে প্রচারিত ভিডিওটি মূলত চলতি বছরে জুলাই মাসে ভারতের জম্মু-কাশ্মীরের হওয়া আকস্মিক বন্যার একটি দৃশ্য।

প্রসঙ্গত, নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে গত বুধবার ভয়াবহ বন্যায় ও আকস্মিক ভূমিধসে মৃত মানুষের সংখ্যা বেড়ে ৪৮০ ছাড়িয়েছে। এছাড়া এই ঘটনায় নিখোঁজ রয়েছে ১ হাজার ৪০০-এরও বেশি মানুষ।

আরো কিছু লেখা