জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব
নেপালের দাবিতে ছড়ানো ভিডিওর দুই শিশুর দৃশ্যটি ভিয়েতনামের

নেপালের দাবিতে ছড়ানো ভিডিওর দুই শিশুর দৃশ্যটি ভিয়েতনামের

জান্নাতুল ফিরদাউস

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, এতে নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শিশুকে দেখা যাচ্ছে। ভিডিওতে নীল রঙের টি-শার্ট পরা একটি শিশুকে আরেকটি কান্নারত শিশুকে পিঠে বেঁধে বহন করতে দেখা যায়। তবে ডিসমিসল্যাবের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে নেপালের বন্যার কোনো সম্পর্ক নেই। এটি ভিয়েতনামের উত্তরাঞ্চলের পাহাড়ি প্রদেশ হা জাংয়ের একটি গ্রামের দৃশ্য।

ফেসবুকে ‘ক্যাম্পাস টাইমস’ (Campus times) পেজ থেকে ভিডিও পোস্ট করে বলা হয়েছে, “ক্যামেরায় ধরা পড়লো অবিশ্বাস্য দৃশ্য!” এরপর নেপালের বন্যা ও নেপালের বিপর্যয় হ্যাশট্যাগ দিয়ে বোঝানো হয়েছে, দৃশ্যটি নেপালের।

ফ্যাক্টচেক নেপালের দাবিতে ছড়ানো ভিডিওর দুই শিশুর দৃশ্যটি ভিয়েতনামের
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক ভিডিওর স্ক্রিনশট।

একই ভিডিও ফেসবুক () ও ইনস্টাগ্রামে (, , ) একই দাবিতে পোস্ট হতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ভিডিওটির সঙ্গে নেপালের বন্যার একটি আবেগঘন গল্প যুক্ত করা হয়েছে। 

বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমও (, , , ) এই ভিডিওর দৃশ্য নিয়ে আবেগী প্রতিবেদন প্রকাশ করেছে। তবে প্রতিবেদনগুলো জানিয়েছে, নেপালের বলে দাবি করা হলেও দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভিডিওটির বিভিন্ন কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘থিন দুয়েন’ (Thien Duyen) নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। ওই অ্যাকাউন্টে গত ২৯ আগস্ট ভিডিওটি পোস্ট করা হয়েছিল। পোস্টের ক্যাপশনে বলা হয়, একটি ছোট ছেলে তার ছোট ভাই বা বোনকে পিঠে বয়ে নিয়ে যাচ্ছে।

ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ধরনের আরও একাধিক ভিডিও পাওয়া যায়। এসব ভিডিওতে ভিয়েতনামের পাহাড়ি এলাকায় বিভিন্ন পরিস্থিতিতে শিশুদের কার্যক্রম দেখা যায়। পাহাড়ি এলাকায় ছোট শিশুদের সহায়তা করার ভিডিও, অসুস্থ শিশুকে খাবার উপহার দেওয়ার ভিডিও নিয়মিত পোস্ট করা হয় এই অ্যাকাউন্টে।

আরও যাচাইয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান-এ গত ৩১ আগস্ট ২০২৬ প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ছড়ানো ভিডিওটি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর থিন দুয়েনের তৈরি। দ্য স্টেটসম্যানকে ওই কনটেন্ট ক্রিয়েটর নিজেই নিশ্চিত করেছেন, ভিডিওটি ভিয়েতনামের হা জাংয়ে ধারণ করা হয়েছিল।

ফ্যাক্টচেক নেপালের দাবিতে ছড়ানো ভিডিওর দুই শিশুর দৃশ্যটি ভিয়েতনামের
‘থিন দুয়েন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট (বামে) এবং ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান-এর ফ্যাক্টচেক প্রতিবেদনের (ডানে) স্ক্রিনশট।

দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের একাধিক গণমাধ্যমে এই দৃশ্যকে নেপালের বন্যা পরবর্তী ভিডিও বলে প্রচার করেছে। ভারতীয় স্বাধীন ডিজিটাল গণমাধ্যম নিউজমিটারে (NewsMeter) গত ৩১ আগস্ট প্রকাশিত ফ্যাক্টচেক প্রতিবেদনে মূল ভিডিওটির আরও বিস্তারিত উৎস অনুসন্ধান করা হয়েছে। সেখানে ভিডিওটির স্থান হিসেবে ভিয়েতনামের হা জাং প্রদেশের মেও ভ্যাক জেলার খাউ ভাই কমিউনের কথা উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের দৃশ্য দাবি করে ছড়ানো ভিডিওটি নেপালের নয়। এটি ভিয়েতনামের হা জাংয়ে ধারণ করা একটি ভিডিও।

আরো কিছু লেখা