
একটি মেট্রোরেল স্টেশনের নিচে কিছু মানুষ চিৎকার করতে করতে দৌড়ে যাচ্ছেন। সামাজিক মাধ্যমে এমন দৃশ্যের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি শাহবাগে আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জঙ্গিবাদকে’ ধাওয়া করছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেক দেখা যায়, মূল ভিডিওটি এক বছর আগের একটি ঘটনার। ২০২৫ সালের ৩ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত জুলাই প্রদর্শনী চলাকালে শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের পরের দৃশ্য এটি। সেই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কাউকে ধাওয়া দিয়েছে, এমন কোনো সংবাদ গণমাধ্যমগুলোতে পাওয়া যায়নি।
ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে দাবি করা হচ্ছে, “ব্রেকিং নিউজ শাহবাগ মোড়ে জঙ্গিবাদদের ধাওয়া করছে আওয়ামীলীগের নেতাকর্মীরা” (বানান অপরিবর্তিত)। শেখ সুলতান নামের ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৪ জুলাইয়ে পোস্ট হওয়া এই ভিডিওতে কিছু মানুষকে চিৎকার করতে করতে দৌড়াতে দেখা যায়। একটি দৃশ্যে একটি মেট্রোরেল স্টেশনও দেখা যায়। ভিডিওর এক পর্যায়ে একটি ভবনে ঢুকে পড়েন কিছু মানুষ। এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ভিডিওটি ৪০০-রও বেশি শেয়ার হয়েছে এবং এতে মন্তব্য করা হয়েছে প্রায় ৪০০টি। একই ভিডিও আরও একাধিক ব্যবহারকারীকে একই ক্যাপশনে শেয়ার করতে দেখা গেছে (১, ২, ৩, ৪)। ৫ জুলাইয়েও একাধিক ব্যবহারকারী এটিকে পোস্ট ও শেয়ার করেছে (১, ২)।

ভিডিওর ডান কোণে ডেইলি একাত্তর লেখা একটি লোগো দেখতে পাওয়া যায়। এই সূত্র ধরে ডেইলি একাত্তর নামের একটি ভেরিফায়েড পেজ খুঁজে পায় ডিসমিসল্যাব।
পেজটিতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে পেজটি থেকে পোস্ট হওয়া ২০২৫ সালের ৩ জুলাইয়ের একটি ভিডিও পাওয়া যায়। পোস্টটির ক্যাপশন হলো, “’এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালীন শাহবাগ মোড়ে ২ টা ক’ক’টেল বি’স্ফো’রণ!” (বানান অপরিবর্তিত)। পোস্টের সঙ্গে যুক্ত ভিডিওটির সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল লক্ষ্য করা যায়। তবে ভিডিওর কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা ধাওয়া দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়নি।

বিস্তারিত জানতে কিওয়ার্ড সার্চ করলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদন ডিসমিসল্যাবে সামনে আসে (১, ২, ৩)। দৈনিক ইত্তেফাকের ২০২৫ সালের ৩ জুলাইয়ে প্রকাশিত প্রতিবেদনেবলা হয়, জাতীয় নাগরিক পার্টির আয়োজিত জুলাই প্রদর্শনী চলাকালে রাত ৮টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কোনো সংবাদ প্রতিবেদনেও সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা কাউকে ধাওয়া করেছে বলে উল্লেখ করা হয়নি।

অর্থাৎ, সম্প্রতি শাহবাগ মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জঙ্গিবাদদের ধাওয়া করেছে দাবিতে ছড়ানো ভিডিওটি এক বছরের পুরোনো। এছাড়া, কোনো সংবাদ প্রতিবেদনে কোনো দলের বা কোনো ধরনের ধাওয়া দেওয়ার উল্লেখ খুঁজে পাওয়া যায়নি।