মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক হিন্দু বাড়িতে আগুন নয়, নাঙ্গলকোটে পুড়েছে মুসলিম কৃষকের ঘর

হিন্দু বাড়িতে আগুন নয়, নাঙ্গলকোটে পুড়েছে মুসলিম কৃষকের ঘর

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

কুমিল্লার নাঙ্গলকোটে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওতে যে বাড়িতে আগুন জ্বলতে দেখা যাচ্ছে, সেটি হিন্দু সম্প্রদায়ের নয়; বাড়িটি শাহ আলম নামের এক মুসলিম কৃষকের। 

ভুয়া দাবিতে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “সনাতনীদের ঘরবাড়ী আগুন জালানোহচ্চে ,,,, লাঙ্গলকো,বাংলাদেশ!” (বানান অপরিবর্তিত)। ভিডিওর ভেতরে লেখা ছিল, “সনাতনীদের অবস্থা, লাঙ্গলকোট বাংলাদেশ।” দৃশ্যে রাস্তার পাশের একটি বাড়িতে আগুন জ্বলতে এবং চারপাশ কালো ধোঁয়ায় ছেয়ে যেতে দেখা যায়। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি প্রায় ৮৪ হাজার বার দেখা হয়েছে এবং দুই হাজার বার শেয়ার করা হয়েছে।

‘নাঙ্গলকোট ২৪’ এবং ‘বর্তমান টিভি’ নামের ফেসবুক পেজে প্রচারিত ভিডিওর স্ক্রিনশট।

অনুসন্ধানে ভিডিওটি থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে ‘নাঙ্গলকোট ২৪’ (Nangalkot 24) নামের ফেসবুক পেজে গত ১১ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ওই পোস্টে লেখা ছিল, “নাঙ্গলকোটে মৌকরা ইউনিয়নের ডিপজল মার্কেটের ২০০গজ দক্ষিণে অগ্নি/কাণ্ড।” ভিডিওর কিছু অংশের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল রয়েছে।

একই দিনে ‘বর্তমান টিভি’ নামের আরেকটি ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনও পাওয়া যায়। “নাঙ্গলকোটে অ*গ্নি*কাণ্ডে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই” শিরোনামের ওই প্রতিবেদন থেকে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনাটি নাঙ্গলকোটের কৃষক শাহ আলমের বাড়িতে ঘটেছিল। প্রতিবেদনে বলা হয়, শাহ আলমের স্ত্রী জোহরা বেগম বলেছেন তাদের ঘরে থাকা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

ফ্যাক্টচেক হিন্দু বাড়িতে আগুন নয়, নাঙ্গলকোটে পুড়েছে মুসলিম কৃষকের ঘর
মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন।

আরও অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে এই ঘটনায় একাধিক সংবাদমাধ্যমে (, , ) প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায়, অগ্নিকাণ্ডটি শাহ আলমের বাড়িতেই ঘটেছিল। 

অর্থাৎ, কুমিল্লার নাঙ্গলকোটে শাহ আলম নামে এক কৃষকের বাড়িতে আগুন লাগার ঘটনাকে হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে আগুন লাগানোর দাবিতে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা