গ্যাস দিয়ে মুসলিমদের হত্যা করা হচ্ছে, এমন দাবিতে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়। ভিডিওতে দৃশ্যমান অংশটি সুইডিশ পরিচালক রয় এন্ডারসনের শর্টফিল্ম “ওয়ার্ল্ড অব গ্লোরি” থেকে নেওয়া।
মুসলিমবঙ্গ নামে এক ফেসবুক পেজ থেকে ২৫ আগস্ট ১ মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটিতে দেখা যায়, ঠান্ডা ও ভয়ে জড়সড় হয়ে একদল উলঙ্গ নারী, পুরুষ ও শিশু একটি যানের ভেতর দাঁড়িয়ে অপেক্ষা করছে। একটু পর যানটির দরজা বন্ধ করে দেওয়া হয়। বাইরে থেকে সেই দৃশ্য দেখছে স্যুট-পরা কিছু নারী ও পুরুষ।

পোস্টে লেখা ছিল, “গ্যাস দিয়ে মুসলমানদের হত্যা করা হচ্ছে। কোথায় আজ সেই কথিত মানবাধিকার কমিশন” (বানান অপরিবর্তিত)। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৬৪ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং শেয়ার হয়েছে ১২ শতাধিক বার।
মন্তব্যে একজন লিখেছেন, “ভিডিওটা যদিও আমার সত্যি বলে মনে হচ্ছে না আর যদি সত্যি হয়েও থাকে তাহলে খুব ভালো কাজ করছে।” কয়েকজন বলছেন ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। একজন মন্তব্য করেছেন, এটি জার্মানিতে ইহুদীদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার দৃশ্য।

কিফ্রেম সার্চে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিসমিসল্যাব প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে ভিডিওটির মূল উৎস সম্পর্কে জানতে পারে। জানা যায়, ভিডিওর এই অংশটি ১৯৯১ সালে মুক্তি পাওয়া “ওয়ার্ল্ড অব গ্লোরি” নামে একটি শর্টফিল্ম থেকে নেওয়া হয়েছে। সুইডিশ পরিচালক রয় এন্ডারসনের এই শর্টফিল্মের শুরুর দিকের দৃশ্যই সম্প্রতি ভিন্ন দাবিতে ছড়িয়ে পড়ছে। ১৭ মিনিটের এই শর্টফিল্মের ৪৮ তম সেকেন্ডের দৃশ্যের সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি হুবহু মিলে যায়।
অর্থাৎ, শর্টফিল্ম “ওয়ার্ল্ড অব গ্লোরি” থেকে নেওয়া দৃশ্য গ্যাস দিয়ে মুসলিমদের হত্যা করার দৃশ্য বলে ছড়ানো হয়েছে।

