
এক মুসলিমকে হত্যা করে মন্দিরের ঘণ্টার সাথে বেঁধে রাখার দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি ভিয়েনার শিল্পী ও কোরিওগ্রাফার ফ্লোরেনটিনা হোলজিঙ্গারের ‘সিওয়ার্ল্ড ভেনিস’ শিল্পকর্মের।
ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়া ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বিশাল এক ঘণ্টার ভেতরে একজনকে উলটো করে ঝুলিয়ে রাখা হয়েছে। ভিডিওতে দাবি করা হচ্ছে— “আমাদের এক মুসলিম ভাইকে হত্যা করে, তারপরে উল্লটা করে তাদের মন্দিরের ঘণ্টার সাথে বেঁধে এমন করে দড়ি বেঁধে নিচে থেকে এমন করতেছে।”

পোস্টের ক্যাপশনে লেখা, “হে আল্লাহ! এটা কিভাবে সহ্য করবো? আপনি এসব ইহুদিদের উপযুক্ত শাস্তি দিন….” এ পর্যন্ত পোস্টটি দেড় হাজার বারের বেশি শেয়ার হয়েছে, প্রতিক্রিয়া দেখিয়েছেন সতেরো হাজারের বেশি ব্যবহারকারী। মন্তব্যে একজন লিখেছেন, “ওদের প্রাপ্য শাস্তি ওরা নিশ্চয়ই পাবে”। আরেকজন মন্তব্য করেছেন, “ভিডিও টা ভুয়া,,, আমি দেখছি এইটা একটা ধর্মে একটা অনুষ্ঠান এ এমন করছে,,, আর ঐটা একটা মেয়ে।” আবার কেউ কেউ বলছেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।
ঘটনার সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চে একাধিক সংবাদমাধ্যমে এ সম্পর্কে একাধিক প্রতিবেদন (১, ২, ৩) খুঁজে পায় ডিসমিসল্যাব। বেশ কিছু প্রতিবেদনে ব্যবহৃত ছবি সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়। একটি প্রতিবেদনে ২০ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, দৃশ্যটি ৬১তম ভেনিস বিয়েনাল এ প্রদর্শিত একটি শিল্পকর্ম ‘সিওয়ার্ল্ড ভেনিস’-এর।

২০২৬ সালের আর্ট বিয়েনালে এই শিল্পকর্ম প্রদর্শন করেন ভিয়েনার শিল্পী ও পারফরম্যান্স শিল্পী ফ্লোরেনটিনা হোলজিঙ্গার। এই অস্ট্রিয়ান শিল্পী প্রদর্শনীতে ব্রোঞ্জের একটি বিশাল ঘণ্টার ভেতরে নগ্ন হয়ে পারফর্ম করেছেন। উল্টো ঝুলে থেকে নিজের শরীর ব্যবহার করে শিল্পকর্মটিকে ধ্বনিত করেছেন তিনি। এই শিল্পকর্মের লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তন এবং ভেনিসে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকির দিকে দৃষ্টি আকর্ষণ করা।
অর্থাৎ, একজন মুসলিমকে হত্যা করে মন্দিরের ঘণ্টার সাথে বেঁধে রাখার দাবিতে প্রচারিত ভিডিওটি আসলে জলবায়ু পরিবর্তন বিষয়ে দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে প্রদর্শিত একটি শিল্পকর্ম।