নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
ফ্যাক্টচেক ভারতে মুসলিমদের কবর ভেঙে ফেলার নয়, মূল ভিডিওটি ইন্দোনেশিয়ার

ভারতে মুসলিমদের কবর ভেঙে ফেলার দাবি, মূল ঘটনা ইন্দোনেশিয়ার

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভারতে মুসলমানদের কবর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দৃশ্যটি ভারতের নয়, বরং ইন্দোনেশিয়ার বালির একটি ঘটনার। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম অনুযায়ী, বালির কবরস্থানের জমির স্বল্পতা থাকায় প্রশাসনের উদ্যোগে পুরোনো কবর ভেঙে নতুন কবরের জন্য জায়গা করা হচ্ছে। ছড়িয়ে পড়া ছবিগুলো পুরোনো একটি কবর ভেঙে ফেলার ভিডিওর দৃশ্য থেকে নেওয়া।

ফেসবুকে “বালাল নোমানি” নামের একটি পেজ থেকে গত ৩১ মে দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “#মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে! ভারতে মুসলমানদের কবর পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে এ দৃশ্য সত্যিই হৃদয়বিদারক।” এই পোস্টে ২ হাজার ২০০ এর বেশি ব্যবহারকারী প্রতিক্রিয়া দেখিয়েছেন। পোস্টটি শেয়ার করা হয়েছে ৪১৫ বার। ছবিতে দেখা যায়, হালকা নীলাভ রঙের টাইলস করা একটি কবর বুলডোজার দিয়ে উপড়ে ফেলা হচ্ছে।

ফ্যাক্টচেক ভারতে মুসলিমদের কবর ভেঙে ফেলার নয়, মূল ভিডিওটি ইন্দোনেশিয়ার
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ফেসবুকের একাধিক (, , , ) ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ছবি দুটি পোস্ট করা হয়েছে। ইনস্টাগ্রামের একটি পোস্টেও দাবিটি পাওয়া যায়। 

দাবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ইন্দোনেশিয়া-ভিত্তিক বিনোদন মাধ্যম লাম্বে টুরাহ এর প্রতিবেদন পাওয়া যায়। গত ২৮ মে তে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “বালিতে সমাধিস্থলের সংকট: নতুন মরদেহের জায়গা করতে ভেঙে ফেলা হচ্ছে পুরোনো কবর।” এ প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পরা ছবির মিল রয়েছে। প্রতিবেদনে বলা হয়, “পালাও দেবতা-খ্যাত বালিতে সমাধিস্থলের সংকট দিন দিন এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি, একটি কবরস্থান এলাকায় বেশ কয়েকটি পুরোনো কবর ভেঙে ফেলার প্রক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং নেটিজেনদের ব্যাপক নজর কেড়েছে। বিদ্যমান কবরস্থানের ধারণক্ষমতা নতুন মরদেহ দাফনের জন্য আর পর্যাপ্ত না থাকায়, স্থানীয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে এই স্থানান্তর প্রক্রিয়াটি পরিচালনা করেছে।” 

ফ্যাক্টচেক ভারতে মুসলিমদের কবর ভেঙে ফেলার নয়, মূল ভিডিওটি ইন্দোনেশিয়ার
মূল ঘটনা নিয়ে লাম্বে টুরাহ’র প্রতিবেদন এবং হালুয়ান মিডিয়ার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টের পোস্টের স্ক্রিনশট।

ইন্দোনেশিয়া ভিত্তিক সংবাদমাধ্যম হালুয়ান মিডিয়ার ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে গত ১ জুন একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “বালির একটি এলাকায় পুরোনো কবর ভেঙে ফেলার প্রক্রিয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন বাসিন্দা মিলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি কবর ভেঙে ফেলার কাজ করছেন।” এ ভিডিওটিতে থাকা দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ছবির হুবহু মিল রয়েছে। এছাড়াও একাধিক (, , , ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামাজিক মাধ্যমের পোস্টে ভিডিওটিকে ইন্দোনেশিয়ার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ, ইন্দোনেশিয়ার বালিতে পুরোনো কবর ভেঙে ফেলার দৃশ্য ছড়াচ্ছে ভারতে মুসলিমদের কবর ভেঙে ফেলার দাবিতে।প্রসঙ্গত, ইন্দোনেশিয়া বিগত কয়েক বছর ধরেই সমাধিস্থল বা কবরসংকট দেখা দিয়েছে, কারণ শহরের কবরস্থানগুলো তাদের ধারণক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে অথবা তা অতিক্রম করে গেছে।

আরো কিছু লেখা