আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
গ্রেটার ইসরায়েল ও অখণ্ড ভারত প্রতিষ্ঠা নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যটি বিকৃত factcheck

গ্রেটার ইসরায়েল ও অখণ্ড ভারত প্রতিষ্ঠা নিয়ে নরেন্দ্র মোদির বক্তব্যটি বিকৃত

আহমেদ ইয়াসীর আবরার

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মেলনে বক্তব্য দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়তে দেখা গেছে। দাবি করা হচ্ছে সেখানে তিনি বলেছেন গ্রেটার ইসরায়েল ও অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হলে ইরানের পতন ঘটাতে হবে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি সম্পাদনার মাধ্যমে বিকৃত করে প্রচারিত হয়েছে। মূল বক্তব্যে তাকে ইরান-ইসরায়েলের নামও উল্লেখ করতে দেখা যায়নি।

“টি টাইম নিউজ” নামের এক ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “গ্রেটার ই-সরায়েল ও অখন্ড ভা-রত প্রতিষ্ঠার জন্য ই-রানের পতন ঘটাতে হবে : নরেন্দ্র দামোদর দাস মোদী।” (বানান অপরিবর্তিত)। ভিডিওতে নরেন্দ্র মোদিকে হিন্দি ভাষায় বক্তব্য দিতে দেখা যায়। 

ছড়িয়ে পড়া সেই ৫৬ সেকেন্ডের ভিডিওতে মোদিকে বলতে শোনা যায়, “আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে, ইরান যুদ্ধে ভারত কোথায় দাঁড়িয়ে আছে? ভারতের বিষয়ে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় যে আমরা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আছি। ইসরায়েল এবং ভারতের লক্ষ্য এক। ইসরায়েলকে ‘গ্রেটার ইসরায়েল’ হতে হবে এবং ভারতকে ‘অখণ্ড ভারত’ হতে হবে।”

তিনি আরো বলেন, “ইরানের মতো সন্ত্রাসী রাষ্ট্রের যদি পতন ঘটে, তবেই ভারত পাকিস্তানকে পরাস্ত করার সুযোগ পাবে। এই আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা তো যুদ্ধ ছাড়াই অখণ্ড ভারতের অংশ হবে। আমাদের প্রধান লক্ষ্য হলো পাকিস্তান; আর ইরানের বিনাশ ছাড়া এই লক্ষ্য বাস্তবে রূপ নেওয়া সম্ভব নয়। ইরানকে তাদের সন্ত্রাসবাদের পরিণাম ভোগ করতে হবে।”

প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ৩ লাখেরও বেশিবার। মন্তব্য করা হয়েছে প্রায় দুই হাজার বার; শেয়ার করেছেন সাড়ে চার হাজারের বেশি ব্যবহারকারী। একই ভিডিও বেশ কয়েকটি অ্যাকাউন্ট ও পেজ থেকেও পোস্ট (, , , ) হতে দেখা যায়।

ভিডিওটির সূত্র যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট সামনে আসে ডিসমিসল্যাবের। পোস্টের সেই ভিডিওটিতে বক্তব্য দেওয়া নরেন্দ্র মোদির পোশাক, পোডিয়ামে দাঁড়িয়ে থাকার ভঙ্গি ও সম্মেলনে উপস্থিত দর্শকদের সঙ্গে ফেসবুকে ভিন্ন দাবিতে ছড়ানো ভিডিওর হুবহু মিল লক্ষ্য করা যায়।

ক্যাপশনে বলা হয়, “নয়াদিল্লি: এনএক্সটি সামিটে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘একটি দেশের উন্নয়নের ক্ষেত্রে একটি বড় বিষয় হলো আমরা চ্যালেঞ্জগুলোর মোকাবিলা কীভাবে করছি। আমরা সবাই জানি যে বৈশ্বিক পরিস্থিতি হঠাৎ বদলে যায়। সাম্প্রতিক বছরগুলোতে আমরা প্রথমে কোভিড-১৯, তারপর রাশিয়া-ইউক্রেন সংকট দেখেছি এবং এখন আমরা আমাদের খুব কাছেই আরও একটি বড় যুদ্ধের সম্মুখীন। এই যুদ্ধ পুরো বিশ্বকে এক বিশাল জ্বালানি সংকটে ঠেলে দিয়েছে। এমন কঠিন পরিস্থিতিতে একটি দেশ হিসেবে আমরা কীভাবে এর মোকাবিলা করি, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংকটকাল হলো পুরো জাতির জন্য একটি পরীক্ষা। আমাদের অত্যন্ত শান্তভাবে এবং ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবিলা করতে হবে।’”

ভারতের রাজধানী নয়া দিল্লিতে অনুষ্ঠিত এনএক্সটি সামিটের প্রথম দিন অর্থাৎ গত ১২ মার্চ তিনি এই বক্তব্য দেন (, , , )। 

এ সম্পর্কিত প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজএক্স লাইভের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ভিডিওর শিরোনাম ছিল, “পিএম মোদি এনএক্সটি লাইভ: এনএক্সটি সামিট ২০২৬-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিশাল ভাষণ দিচ্ছেন |” এই ভিডিওতে নরেন্দ্র মোদির সম্পূর্ণ বক্তব্য পাওয়া যায়। ভিডিওর ৫ মিনিট ১২ সেকেন্ড অংশ থেকে ৩৮ মিনিট ১৭ সেকেন্ড সময় পর্যন্ত বক্তব্য দেন তিনি। কিন্তু এই পুরো বক্তব্যে তাকে ‘ইরান’, ‘ইসরায়েল’, ‘অখণ্ড ভারত’ এই শব্দগুলো ব্যবহারই করতে দেখা যায়নি। বরং তিনি বৈশ্বিক প্রতিকূলতা ও যুদ্ধবিগ্রহের বিষয়ে উল্লেখ করে ভারতের উন্নয়ন নিয়ে কথা বলেন।

অর্থাৎ, নরেন্দ্র মোদির গ্রেটার ইসরায়েল ও অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হলে ইরানের পতন ঘটাতে হবে এমন বক্তব্যসহ ছড়ানো ভিডিওটি ভুয়া। ভিন্ন একটি বিষয়ে দেওয়া বক্তব্যের ভাষ্যকে বিকৃত করে বর্তমানে সেটি ফেসবুকে শেয়ার করা হচ্ছে, যা সঠিক নয়।

আরো কিছু লেখা