
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস সম্প্রতি এক জনসভায় রাখা বক্তব্যে দাবি করেন, প্রথম মে দিবস পালন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, স্বাধীন বাংলাদেশে প্রথম মে দিবস পালিত হয় ১৯৭২ সালে, যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান। এছাড়া বিশ্বে মে দিবস প্রথম আনুষ্ঠানিকভাবে পালিত হয় ১৮৯০ সালে।
গত ১ মে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস- এর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট হওয়া একটি ভিডিও ডিসমিসল্যাবের সামনে আসে। গত ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক সমাবেশে রাখা বক্তব্যের দৃশ্য দেখা যায় সেখানে। সে ভিডিওর ২০ সেকেন্ড থেকে ৫০ সেকেন্ড অংশে তিনি বলেন, “বিসমিল্লাহির রাহমানির রাহিম। সারা দুনিয়াতে আজকে এই দিবস পালিত হচ্ছে— ভাগ্যহত মেহনতি মানুষের জাগরণের দিন। এই দিন প্রথম পালন করেছিলেন ১৯৭৯ সালে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৯১ সালে এই দিবসকে মহিমান্বিত করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি শেয়ার হয়েছে ৯০০ বারের বেশি। ভিউ হয়েছে দেড় লাখের অধিক।
সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে দেখা যায়, ১৮৮৯ সালে বিভিন্ন সমাজতান্ত্রিক দল এবং শ্রমিক ইউনিয়নগুলোর একটি আন্তর্জাতিক ফেডারেশন, ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল’, ১৯৮৬ সালে হওয়া শিকাগোর হে-মার্কেটের ঘটনার স্মৃতি রক্ষার্থে ১ মে-কে শ্রমিকদের সংহতি জানানোর দিন হিসেবে নির্ধারণ করে। ১৮৯০ সালের ১ মে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশে মে দিবস উদযাপন করা হয়। পরবর্তীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময় ১ মে দিনটিকে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে উদযাপন শুরু হয়।
স্বাধীন বাংলাদেশে মে দিবস পালনের ইতিহাস খুঁজতে গেলে ১৯৭২ সালের ৩ মে প্রকাশিত সংবাদপত্র ইত্তেফাক ও দৈনিক বাংলা পত্রিকার আর্কাইভ খুঁজে পায় ডিসমিসল্যাব। পত্রিকাগুলোর প্রতিবেদন অনুযায়ী, সে বছরই স্বাধীন বাংলাদেশে প্রথম মে দিবস পালিত হয়। ইত্তেফাকের প্রতিবেদনে লেখা হয়, “বিশ্বের মেহনতী মানুষের সহিত একাত্মতা ঘোষণা এবং পুঁজিবাদ, সামন্তবাদ, জোতদার এবং ইহাদের জনক সাম্রাজ্যবাদের সকল চক্রান্ত ব্যর্থ করিয়া দিয়া বঙ্গবন্ধুর সমাজতান্ত্রিক অর্থনৈতিক কর্মসূচী সফল করিয়া তোলার অগ্নিশপথ গ্রহণের মাধ্যমে গত সোমবার গণপ্রজাতন্ত্রী স্বাধীন সার্বভৌম বাংলার রাজধানীসহ সারা দেশে ঐতিহাসিক মে দিবস পালিত হয়।”

প্রতিবেদনে আরও বলা হয়, “ঢাকায় এই দিন বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ ট্রেড ইউনিয়ন ও বাংলাদেশ প্রেস ওয়ার্কার্স ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংস্থার পক্ষ হইতে গৃহীত কর্মসূচী অনুযায়ী মে দিবস উদ্যাপন করা হয়। মুক্ত বাংলাদেশে মে দিবস এবার মেহনতী মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যময় এবং অর্থবহ হইয়া উঠে। এই দিন মেহনতী শ্রমিক-কৃষকরাজ প্রতিষ্ঠার এক বলিষ্ঠ প্রতিশ্রুতি ঘোষিত হয়। এইবারই প্রথম মেহনতী মানুষের অধিকার-সচেতনতার স্মৃতি বিজড়িত দিনটির প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সরকারী ছুটি ঘোষণা করা হয়।”

যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত ১৯৭২ সালের ২ মে- এর এক প্রতিবেদনেও এমন তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে মে দিবস উপলক্ষ্যে রেডিও-টেলিভিশনে দেওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ নিয়ে বিস্তারিত লেখা হয়েছে।
অর্থাৎ, মে দিবস প্রথম পালন করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান- এমন দাবিতে করা সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস-এর মন্তব্যটি সঠিক নয়।