
সংরক্ষিত নারী আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক মারদিয়া মমতাজের জিন্স পরিহিত ছবি দাবিতে সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে সম্পাদিত।
মোহাম্মদ মহিউদ্দিন নামের একটি প্রোফাইল থেকে আজ ২১ এপ্রিল ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “🟥আওয়ামী লীগের মমতাজ না থাকলে কি হবে,জামায়াতের জিন্স পড়া মমতাজ আসছে সংসদে🟥জামাতের মডারেট ইসলাম❗ মারদিয়া মমতাজ নামক এই মহিলা সংরক্ষিত নারী আসনে জামায়াতের নমিনেশন পেয়েছে। ওনার স্বামী ইসলামী ব্যাংকের আইটি অফিসার। এরা নাকি আবার জাতীকে ইসলাম আর দ্বীনের কথা শেখায়।”

এছাড়া, কাঠেরকেল্লা নামের একটি ফেসবুক গ্রুপেও একই ছবি দিয়ে ব্যঙ্গাত্মক ফটোকার্ড বানিয়ে পোস্ট করতে দেখা যায়। ক্যাপশনে লেখা, “নির্দলীয়/নিরপেক্ষ সংসদ সদস্য মারাদিয়া মমতাজ কে অভিনন্দন।”
আরও একাধিক ফেসবুক প্রোফাইল ও পেজ থেকে ছবি পোস্ট হতে দেখা যায় (১, ২, ৩)।
সত্যতা যাচাইয়ে রিভার্স সার্চ করলে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে মারদিয়া মমতাজের কাছাকাছি দৃশ্যের ছবি খুঁজে পাওয়া যায় (১, ২)। এসব ছবিতে তাকে একই হিজাব পরতে দেখা গেছে। তবে প্রতিবেদনগুলোতে জিন্স পরিহিত কোনো ছবি খুঁজে পাওয়া যায়নি।
অধিকতর যাচাইয়ে ছবিটি এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন ও গুগল সিন্থআইডি দিয়ে পরীক্ষা করা হয়। ফলাফলে হাইভ মডারেশন জানায়, ছবিটি এআই নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। আর গুগল সিন্থআইডি সিদ্ধান্তে পৌছায়, “ডিজিটাল ওয়াটারমার্ক পরীক্ষার ওপর ভিত্তি করে বলা যায়, এই ছবিটি গুগলের এআই টুল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।”
অর্থাৎ, মারদিয়া মমতাজের ছবি দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন মারদিয়া মমতাজ। তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতের ইসলামীর মহিলা বিভাগের সদস্য ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।