লস অ্যাঞ্জেলেসে ওভারব্রিজের পিলারের ওপর বসবাস করছে এক গৃহহীন এমন দাবিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত।
গত ২৫ আগস্ট (২০২৬) সামাজিক মাধ্যম ফেসবুকের “টাইমস টুডে ওয়ার্ল্ড” (Times Today World) নামের পেজ থেকে ‘লস অ্যাঞ্জেলেসে ওভারব্রিজের পিলারের ওপর বসবাস করছে এক গৃহহীন’ এই ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বহুতল উড়ালসড়কের নিচে কংক্রিটের একটি গোলাকার পিলারের চূড়ায় কালো হুডি পরা একজন ব্যক্তি বসবাস করছেন; পিলারের সঙ্গে বাঁধা দড়িতে জামাকাপড় শুকাতে দেওয়া, একটি টেলিভিশন সেট বসানো, আশপাশে বিভিন্ন ব্যাগ ও পাত্র রাখা এবং ওঠানামার জন্য একটি মই হেলান দেওয়া অবস্থায় দেখা যায়। নিচে ব্যস্ত সড়কে গাড়ি ও ট্রাক চলাচল করছে। ভিডিওর পেছনে ভয়েসওভারে একজনকে বলতে শোনা যায়, “তুমি কি দেখছ? সত্যিই অবিশ্বাস্য!” (মূল: Are you seeing this? This is crazy.)

এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটিতে ১৫ হাজার বারের বেশি প্রতিক্রিয়া, ৫৮০টি শেয়ার এবং ১৩ লাখের বেশি বার দেখা হয়েছে।
এ ছাড়াও একই দাবিতে গত ২৬ আগস্ট (২০২৬) সংবাদমাধ্যম ‘দৈনিক সকালবেলা’ ভিডিওটি প্রকাশ করে।
একই ভিডিওর দৃশ্য ব্যবহার করে বেশ কয়েকটি ব্যক্তিগত অ্যাকাউন্ট (১, ২) থেকে ‘পৃথিবীর সবচেয়ে আধুনিক ও উন্নত রাষ্ট্রের ছবি’ এই ক্যাপশনে দাবি করা হচ্ছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে ডিসমিসল্যাব রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম এক্সে “জর্জ ও” (@GeorgeWuAI) নামের একটি অ্যাকাউন্টের পোস্ট করা ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ২৪ আগস্টে (২০২৬) আপলোড করা ভিডিওর সঙ্গে হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওর শিরোনামে লেখা, “লস অ্যাঞ্জেলেসের সাধারণ আরেকটি দিন।” পোস্টে “পিক্সভার্স” নামের একটি টুলকেও মেনশন করা হয়। এই টুলটি মূলত এআই দিয়ে ছবি ও ভিডিও তৈরির কাজে ব্যবহার করা হয়। “জর্জ ও” নামের অ্যাকাউন্টের বায়োতে নিজেকে “এআই ক্রিয়েটর” হিসেবে পরিচয় দিয়েছে। অ্যাকাউন্টটি থেকে আরও একাধিক এমন ভিডিও পোস্ট করা হয়েছে যেগুলো এআই দিয়ে তৈরি। পোস্টের নিচে “এআই দিয়ে তৈরী” (Made with AI) লেভেলও যুক্ত থাকতে দেখা যায়।

অধিকতর যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে পরীক্ষা করে দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯১.৪ শতাংশ।
অর্থাৎ, লস অ্যাঞ্জেলেসে ওভারব্রিজের পিলারে গৃহহীনের বসবাসের ভিডিওটি বাস্তব নয়, ভিডিওটি এআই দিয়ে তৈরি।

